Bartaman Logo
৯ জুন, ২০২৬

অসমের ভোট-যুদ্ধে ঝাঁপাল আপ, রেকর্ড আসনে জিতবে বিজেপি, দাবি শাহর

বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা। হাতে একমাসও নেই। ৯ এপ্রিল একদফাতেই অসমের ১২৬ আসনে ভোটগ্রহণ করা হবে। রবিবার নির্বাচন কমিশনের ভোট ঘোষণার দিনই আসরে নেমে পড়ল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)।

অসমের ভোট-যুদ্ধে ঝাঁপাল আপ, রেকর্ড আসনে জিতবে বিজেপি, দাবি শাহর
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা। হাতে একমাসও নেই। ৯ এপ্রিল একদফাতেই অসমের ১২৬ আসনে ভোটগ্রহণ করা হবে। রবিবার নির্বাচন কমিশনের ভোট ঘোষণার দিনই আসরে নেমে পড়ল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় আদালতে রেহাই মিলেছে কেজরিওয়ালের। ফলে বাড়তি অক্সিজেন পেয়েছে দল। এই আবহেই উত্তর-পূর্বের রাজ্যের ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল আপ। এদিন মোট ১৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মধ্য গুয়াহাটিতে অনুরূপা ডেকারাজা, শিবসাগরে তপন গোগোই, খুমতাই থেকে আশিস হাজারিকা, পূর্ব গোয়ালপাড়ায় জিন্না আমির হুসেনকে প্রার্থী করা হয়েছে।

Advertisement

এরইমাঝে রেকর্ড আসনে জিতে অসমে ক্ষমতায় প্রত্যাবর্তনের দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দু’দিনের সফরে অসমে পৌঁছেছেন তিনি। এদিন গুয়াহাটিতে বিজেপির যুবমোর্চার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ‘গুয়াহাটিতে যুবশক্তির এই মহাকুম্ভ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। আসন্ন নির্বাচনেও রেকর্ড সংখ্যক আসন জিতে অসমে ফের ক্ষমতায় ফিরবে হিমন্ত বিশ্বশর্মার সরকার।’  অসমে এবারও বিজেপির প্রচারের মূল অস্ত্র অনুপ্রবেশ। এনিয়ে জনমানসের একাংশে বিভ্রান্তি ও ক্ষোভ রয়েছে। বিরোধীদের দাবি, অনুপ্রবেশকে ঢাল করে বিজেপি আসলে ধর্মীয় মেরুকরণ ঘটাতে চাইছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির নির্বাচনি ইনচার্জ বৈজয়ন্ত পান্ডা। তাঁর দাবি, অনুপ্রবেশ আসলে অসম সংস্কৃতির উপর আক্রমণ। আইন মেনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে না।  

সম্পর্কিত সংবাদ