সংবাদদাতা, বজবজ: নতুন বছরের প্রথম দিনে রোড শো, সভা করেছেন তৃণমূলের সেনাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবদার, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল বজবজ কেন্দ্র থেকে যত ভোট পেয়েছে, তার চেয়ে বেশি ভোট এবার অশোক দেবকে পাইয়ে দিতে হবে। কর্মী, নেতা এবং ভোটারদের কাছে বারবার এই আবেদন রেখেছেন অভিষেক। বুধবার বজবজের চড়িয়াল থেকে পুজালির রথতলা পর্যন্ত রোড শো শেষ করে রাতে পথসভা করেন সাংসদ।
সেই সূত্র ধরে তৃণমূল প্রার্থী অশোক দেব তিন দফা পরিকল্পনা করেছেন। বিধানসভার অধীন দু’টি পুরসভা বজবজ, পুজালি এবং বজবজ-১ (৬), বজবজ-২ (৪) মিলিয়ে ১০টি গ্রাম পঞ্চায়েত নেতৃত্ব, জন প্রতিনিধিদের নিয়ে লাগাতার বুথ ভিত্তিক পর্যালোচনা চলবে। দ্বিতীয় ধাপে হবে পাড়া বৈঠক। তৃতীয় ধাপে বাড়ি ধরে ধরে গৃহস্থ বৈঠক হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই তিন দফায় বৈঠকের ভিত্তিতে বুথ, পাড়া এবং গৃহস্থদের সঠিক মনোভাব বুঝে নেওয়া যাবে। কতজন জোড়া ফুলের দিকে রয়েছে। কতজন ভোটার তৃণমূল সম্পর্কে নেগেটিভ তাও ধরা যাবে। তার ভিত্তিতে আলাদা করে সংশ্লিষ্ট ভোটারদের সঙ্গে দফায় দফায় বসে সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড ও জনমুখী ভাতা সম্পর্কে বুঝিয়ে মনোভাব বদলের চেষ্টা করা হবে। যে কোনো মূল্যে তাঁদের জোড়া ফুলের দিকে ফিরিয়ে আনার কাজ চলবে। এই সংখ্যা যত বেশি বাড়ানো যাবে ততই ভোটের মার্জিন বেশি হবে। একেবারে শেষ পর্যায়ে ভোটারদের নাম ও ঠিকানা ধরে কতজন জোড়া ফুলের দিকে আগে থেকে রয়েছেন, নতুন করে কতজনকে বিরোধী ঘর থেকে ফেরানো গেল তার চূড়ান্ত তালিকা কষে ফেলতে হবে।
গোটা বিষয়কে কার্যকর করতে বুধবার রাত থেকে নেমে পড়েছেন প্রার্থী অশোক দেব। গভীর রাত পর্যন্ত পুজালির পুর চেয়ারম্যান তাপস বিশ্বাসসহ একাধিক জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার দুপুর বজবজ-২ এর গ্রামীণ এলাকা নর্থ বাওয়ালি এবং বিকেলে সাউথ বাওয়ালিতে কর্মী পদাধিকারী ও সেখানকার ত্রিস্তর পঞ্চায়েতের জন প্রতিনিধিদের নিয়ে ম্যারাথন বৈঠক চলে। সেখানে গত ২০২১ সালের বজবজ বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক ভোটের ফলাফল তুলে ধরা হয়। তাতে দেখা যাচ্ছে, ৩৫৬টি বুথের ভিতর ২১৭টিতে জোড়া ফুল এগিয়ে। বাকি ১৩৯টিতে বিজেপি এগিয়ে। এর ভিতর দু’টি পুরসভা বজবজ ও পুজালি এবং রাজীবপুর, মায়াপুর, নিশ্চিন্তপুর, উত্তর রায়পুর, চিংড়িপোতা, বুঁইতা, কাশীপুর আলমপুর অধিকাংশ বুথে তৃণমূল এগিয়ে রয়েছে। বিজেপির থেকে ভোটের লিড জোড়া ফুলের বেশি। বাকি তিনটি গ্রাম পঞ্চায়েত যথা সাউথ বাওয়ালি, নর্থ বাওয়ালি এবং ডোঙারিয়াতে অবশ্য পদ্মফুল শিবির অধিকাংশ বুথে এগিয়ে রয়েছে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত পিছিয়ে থাকা সমস্ত বুথে মাটি কামড়ে পড়ে থাকতে বলা হয়েছে।