নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সাধক বামাখ্যাপার স্মৃতিধন্য অণ্ডাল সীতারামপুর রেলপথ। ইকড়া স্টেশন তাঁকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর ট্রেনের চাকা আর গড়ায়নি। পরে তাঁর আশীর্বাদে ফের ট্রেন চলাচলা স্বাভাবিক হয়। কালের নিয়মে সেই রেলপথের গুরুত্ব কমে যায়। ট্রেনের জন্য জামুড়িয়া বিধানসভার মানুষদের ভরসা করতে হয় রানিগঞ্জ, আসানসোল স্টেশনের উপর। সেই রেওয়াজ ভাঙতে চলেছে। জামুড়িয়ার উপর দিয়ে একাধিক ট্রেন চলানোর প্রস্তাব নিয়ে সার্ভে শুরু করল পূর্ব রেল।
জানা গিয়েছে, জামুড়িয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায় পূর্ব রেলকে চিঠি লেখেন। তিনি দাবি করেন, আসানসোল হাওড়া একটি ট্রেন দেওয়া হোক, যেটা জামুড়িয়া হয়ে যাতায়াত করবে। অন্যদিকে বর্ধমান-আসানসোল মেমু ট্রেন দিনে দু’টি করে জামুড়িয়া হয়ে চালানোর প্রস্তাব দেওয়া হয়। তিনি দাবি করেন, এতে হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। পড়ুয়া থেকে অফিস যাত্রীরা সেই ট্রেনে যাতায়াত করবে। মানুষের চিকিৎসা করাতে যেতেও সুবিধা হবে। যাত্রীদের সুবিধার পাশাপাশি রেলেও আয়ও বাড়বে।
প্রস্তাবটি ভালো লেগেছে রেল কর্তাদের। তাঁরা বিধায়ককে চিঠি দিয়ে জানিয়েছেন, আপনার প্রস্তাবটির অপারেশনাল ও কর্মাশিয়াল দিক দিয়ে বাস্তবসম্মত কি না, তা খতিয়ে দেখার জন্য সার্ভে করার সিদ্ধান্ত হয়েছে। সীতারামপুর-অণ্ডাল সেকশনে এই ট্রেনগুলি চালানো যায় কি না, তা পর্যালোচনা করা হবে। রেলযাত্রীদের স্বার্থে বিধায়কের উদ্যোগ প্রথমবার নয়। এর আগে জামুড়িয়া বিধানসভায় রেলের টিকিট কাউন্টার ছিল না। বিধায়ক বিজন মুখোপাধ্যায়ের উদ্যোগে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের দুই প্রান্তে দু’টি টিকিট কাউন্টার খুলতে সম্মত হয়েছে পূর্ব রেল। এবার নতুন রেলের দাবি পূরণ হয় কি না, সেদিকে জামুড়িয়াবাসীর নজর।
বিজন মুখোপাধ্যায় বলেন, রেল আমার প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। তারপর সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি রেল আমাদের দাবি মেনে নেবে। তবে পূর্ব রেলের প্রতি শিল্পাঞ্চলবাসীর আরও একটি দাবি জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে অণ্ডাল-পলাশথলি রেল যোগাযোগ। লছমনপুর থেকে পলাশথলি পর্যন্ত আট কিলোমিটার রেলপথ ধসপ্রবণ হওয়ার জন্য রেল চলাচল বন্ধ হয়ে যায়। ২০০২ সালে থেকে এই লাইনে আর ট্রেন চলেনি। সেই ট্রেনই পুনরায় লছমনপুর পর্যন্ত চালানোর দাবি উঠছে। বাসিন্দাদের দাবি, এই এলাকায় ভারতীয় রেল কয়লা বোঝাই রেক চালাচ্ছে। সেখানে যখন কোনো বিপর্যয় হচ্ছে না, এক্ষেত্রেও তা হবে না।