Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

৬০টি সিসিটিভি ক্যামেরাই বিকল! প্রশ্নের মুখে নিরাপত্তা

সিসিটিভি ছাড়াই চলছে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার। মাস তিনেক আগে পর পর ঝড়ের সময় বজ্রপাতে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে গিয়েছিল।

৬০টি সিসিটিভি ক্যামেরাই বিকল! প্রশ্নের মুখে নিরাপত্তা
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: সিসিটিভি ছাড়াই চলছে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার। মাস তিনেক আগে পর পর ঝড়ের সময় বজ্রপাতে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে গিয়েছিল। এরপর একের পর এক সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে যায়। বর্তমানে একটি ক্যামেরাও সচল নেই বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, সেখানে ৬০টি সিসিটিভি ক্যামেরা ছিল। বর্তমানে তার একটিও চলছে না। ফলে সংশোধনাগারে বন্দিদের নজরদারি থেকে শুরু করে নিরাপত্তা ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে। সংশোধনাগার কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা সংস্কার করার জন্য রাজ্যের কারা দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন। শুধু তাই নয়, নতুন করে আরও ৪০টি ক্যামেরা বসানোর প্রস্তাব গিয়েছে বলে জেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট রাজেশকুমার মণ্ডল বলেন, বর্তমানে সংশোধনাগারে সিসিটিভি ক্যামেরা বিকল রয়েছে। ক্যামেরা মেরামত করার জন্য কারা দপ্তরকে জানানো হয়েছে। আরও ক্যামেরা বসানোর প্রস্তাব পাঠানো হয়েছে। 
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় ৮০০ বন্দি রয়েছে। সংশোধনাগারে হেভিওয়েট ও দাগি বন্দিদের রাখা হয়। জেলের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় ভেঙে অনেক সময় ভিতরে মোবাইল ঢুকে পড়ে। মাঝে মধ্যে সংশোধনাগারে বন্দিদের কাছ থেকে মোবাইল পাওয়া যায়। 
অভিযান চালিয়ে জেল পুলিশ মোবাইল বাজেয়াপ্ত করে। সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রাচীরের বাইরে থেকে বন্দিদের মোবাইল দেওয়া হয়। এসব নিয়ে সিসিটিভি ক্যামেরাতে নজরদারি চলে। জেলের ভিতরে আরও নানা ধরনের অবৈধ কাজকর্ম হয়। এমনকি বন্দিদের মধ্যে অশান্তির ঘটনাও ঘটে থাকে। এই অবৈধ ঘটনাগুলি রুখতে যেমন জেল পুলিশের মাধ্যমে নজরদারি ও নিরাপত্তার প্রয়োজন হয়, তেমনি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির প্রয়োজন হয়। আগে থেকেই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে জেল পুলিশ তথা কারা কর্মীর সংকট রয়েছে। বর্তমানে জেলে ৪৫ জন কারা কর্মী রয়েছেন। অথচ আরও ৬০টি পদ শূন্য রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে বন্দির সংখ্যা ৮০০ হলেও মাঝেমধ্যে সেই সংখ্যা বেড়ে যায়। তাই পর্যাপ্ত কর্মী নিয়ে ওয়ার্ডে নজরদারি, হাসপাতালে নিয়ে যাওয়া, নিয়ে আসা, অফিসের কাজকর্ম থেকে শুরু করে সবই করতে হয়। তাই সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
এবারের বর্ষায় গত কয়েকমাস ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় পর পর ব্যাপক বজ্রপাত হয়েছে। সেই সময় থেকে একের পর এক সিসিটিভি ক্যামেরা বিকল হয়েছে। ৬০টি ক্যামেরা একের পর এক বিকল হয়েছে। তিন মাসের মধ্যে ধীরে ধীরে সব ক্যামেরা অচল হয়ে গিয়েছে বলে জেল সূত্রে জানা গিয়েছে। সেগুলি এখনও মেরামত করা সম্ভব হয়নি। ফলে সংশোধনাগারের নিরাপত্তা কার্যত প্রশ্নের মুখে পড়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ