Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মিলল না রক্ষাকবচ, ‘উধাও’ অরূপ বিশ্বাস, মেসি মামলায় খুঁজছে পুলিশ, হানা নিউ আলিপুরের বাড়িতেও

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মেসি মামলায় গ্রেপ্তারির আশঙ্কা। নিউ আলিপুরে পুলিশ হানা দিয়েছে। বিস্তারিত পড়ুন।

মিলল না রক্ষাকবচ, ‘উধাও’ অরূপ বিশ্বাস, মেসি মামলায় খুঁজছে পুলিশ, হানা নিউ আলিপুরের বাড়িতেও
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতের রক্ষাকবচ না মেলায় আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে গ্রেপ্তারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর আইনজীবী কিশোর দত্ত। রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন করলে, বিচারপতি তা খারিজ করে দেন। তিনি জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। আদালতে রক্ষাকবচ না মেলায় এদিন দুপুরেই অরূপের নিউ আলিপুরের সাহাপুরের আবাসনের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া অরূপের ভাই স্বরূপকেও। তাঁকে সঙ্গে নিয়ে অরূপের ফ্ল্যাটে তল্লাশি চলে। সেখানে প্রাক্তন মন্ত্রী ছিলেন না। ফ্ল্যাটের একটি ঘর ডিজিটাল লক দিয়ে বন্ধ ছিল। পরে ওই লক ভেঙেও দীর্ঘ তল্লাশি চলে। তিন ঘণ্টা পর তদন্তকারীরা ফিরে যান। ‘উধাও’ একদা মমতার কিচেন ক্যাবিনেটের অন্যতম সদস্য। মোবাইল ফোনগুলি বন্ধ করে শহরের কোনো জায়গাতেই যে প্রাক্তন মন্ত্রী গা-ঢাকা দিয়ে রয়েছেন, তা বলছেন তদন্তকারীরা।  

Advertisement

প্রসঙ্গত, মেসি কাণ্ডে তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়ার পরই আগাম জামিন চেয়ে বারাসত আদালতে আবেদন করেছিলেন অরূপ। সেই আবেদনের শুনানি হবে আগামী ২২ জুলাই। তার মাঝে রক্ষাকবচ চাওয়ার আবেদন খারিজ হয়ে যাওয়ায়, অরূপের গ্রেপ্তারি এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন আইনজ্ঞরা। প্রসঙ্গত, মেসি কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য শনিবার বিধাননগর দক্ষিণ থানার তরফে অরূপের নিউ আলিপুরের বাড়িতে নোটিস সেঁটে আসা হয়। তাতে বলা হয়, সোমবার বেলা ১১টার মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু বিকাল পর্যন্ত তিনি যাননি। এর আগে থানায় হাজিরা দেওয়ার জন্য গত ৪ জুন দিন ধার্য করে নোটিস দিয়েছিল পুলিশ। হাজিরা এড়াতে আইনজীবী মারফত অরূপবাবু গত ৩ জুন চিঠি দিয়ে অতিরিক্ত ১৪ দিন সময় চেয়েছিলেন। কিন্তু সে আরজি নাকচ করে ফের নোটিস দেয় পুলিশ। 
তদন্তকারীরা বলছেন, মেসি কাণ্ড সংক্রান্ত নথিপত্র খুঁজতেই প্রাক্তন মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেওয়া হয়েছিল। স্বরূপের কাছে জানতে চাওয়া হয়, ক্রীড়াদপ্তরের ফাইলপত্র এখানে রয়েছে কি না। স্বরূপ তদন্তকারীদের জানান, এই ফ্ল্যাটে বিভিন্ন ক্লাবের ফাইল নিয়ে আলোচনা হত। মেসির অনুষ্ঠানের টিকিট এখানে রাখা ছিল। এমনকি ওই অনুষ্ঠানে ভিআইপি জোনে প্রবেশের এন্ট্রিকার্ডও রাখা হয় এই ফ্ল্যাটে। তদন্তকারীদের দাবি, স্বরূপ তাঁদের জানিয়েছেন, এরপর বিভিন্ন এজেন্টকে ডেকে নগদের বিনিময়ে কমপ্লিমেন্টারি টিকিট বিক্রি করা হয়। টিকিট বিক্রির টাকা প্রথমে এই ফ্ল্যাটেই রাখা হয়, পরে তা সরানো হয়। তাঁদের আরও দাবি, স্বরূপ বলেছেন, মেসির অনুষ্ঠানে টিকিট দুর্নীতি হয়েছে। টিকিট দিতে দাদা (অরূপ) চাপ দিয়েছিলেন উদ্যোক্তাদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ