নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার ভারতীয় নাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে চীনের আপত্তি সরাসরি খারিজ করল নয়াদিল্লি। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বাস্তবতা বদলানোর ক্ষমতা কারও নেই।
বারবার অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বদলে চীন নিজের দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতেই গত সপ্তাহে অরুণাচলের ২৭টি জায়গা ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে তাদের নির্দিষ্ট ভারতীয় নাম দিয়ে সরকারি মানচিত্রে চিহ্নিত করে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, অরুণাচল প্রদেশের এই ২৭টি জায়গাকে ‘সার্ভে অব ইন্ডিয়া’-র মানচিত্রে আনুষ্ঠানিক ভাবে চিহ্নিত করার উদ্দেশ্য হল জায়গাগুলির সঠিক পরিচিতি নিশ্চিত করা। তবে ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করে চীন। ভারতের দেওয়া নামকে ‘অবৈধ, ভিত্তিহীন’ বলে দাবি করে সেদেশের বিদেশ মন্ত্রক। জানায়, চীনের ব্যবহৃত দীর্ঘদিনের নামের পরিবর্তে ভারতের ‘স্ট্যান্ডার্ড নাম’ ব্যবহারের চেষ্টা অবৈধ। অরুণাচলকে ঘিরে এই নামবদলের রাজনীতি নতুন নয়। ২০১৭ সাল থেকে চীন নিয়মিত ভাবে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার জন্য চীনা নাম প্রকাশ করে আসছে। চলতি বছরের এপ্রিলেও এমন একটি তালিকা প্রকাশ করেছিল বেজিং। নয়াদিল্লি অবশ্য প্রতিবারই চীনের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। এবারও তার ব্যতিক্রম হল না।