Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চলতি সপ্তাহে কুমোরটুলির মাটি জট কাটবে, আশা শিল্পী সংগঠনের

কুমোরটুলির মাটি সমস্যা সমাধানে আশাবাদী শিল্পীরা। প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা। বিস্তারিত পড়ুন।

চলতি সপ্তাহে কুমোরটুলির মাটি জট কাটবে, আশা শিল্পী সংগঠনের
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুমোরটুলির প্রতিমা তৈরির মাটি নিয়ে ‘জট’ অবশেষে খুলতে চলেছে। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে মাটি সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমা শিল্পীরা। সোমবার পটুয়াপাড়ার মৃৎশিল্পী সংগঠনের অন্যতম কর্তা বাবু পাল বলেন, ‘গত একমাসের বেশি সময় ধরে মাটি সমস্যার কারণে কুমোরটুলির স্বাভাবিক কাজকর্ম শিকেয় উঠেছে। বার বার আমরা দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। ডেপুটেশন দিয়েছি। বার বার জরুরি বৈঠকে বসেছে মৃৎশিল্পী সংগঠন। শেষ পর্যন্ত মাটি নিয়ে জট কাটোনো সম্ভব হয়েছে, এটাই আমাদের কাছে বড়ো প্রাপ্তি।’ সোমবার মৃৎশিল্পীদের একাংশ বলেন, ‘মাটির অভাবে গত একমাস ধরে প্রতিমা তৈরির কাজকর্ম চলছিল একেবারে ধীর গতিতে। কাঠামো ও খড় বাঁধা ছাড়া কিছুই হচ্ছিল না। বিভিন্ন প্রতিমা তৈরির বায়না নেওয়া বন্ধ ছিল।’                

Advertisement

কুমোরটুলি মৃৎশিল্পীরা এদিন জানান, মাটি আনতে প্রশাসনের তরফে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই, আইনি পথে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে মাটি আসুক কুমোরটুলিতে। একই নীতি লাগু থাকুক হাওড়ার উলুবেড়িয়ার ক্ষেত্রেও। দীর্ঘদিন ধরে উলুবেড়িয়া থেকে প্রতিমা তৈরির মাটি আসছিল কুমোরটুলিতে। কিন্তু আইনি জটে আটকে পড়েছিল সেখান থেকে মাটি আসা। এদিনও পটুয়াপাড়াজুড়ে শিল্পীদের কাজের গতি ছিল খুবই শ্লথ। অধিকাংশ মৃৎশিল্পী বলেন, ‘মাটি ইস্যু নিয়ে জট কাটতে চলেছে শুনলাম। দেখা যাক, পরিস্থিতি কবে স্বাভাবিক হয়।’
এদিকে, মাটি সমস্যাকে ঘিরে সোমবার ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতার রামলীলা ময়দান থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিল করে। মিছিলে বিভিন্ন মাটির সামগ্রী ও বিশালকায় জাতীয় পতাকা নিয়ে হাঁটেন বিক্ষোভকারীরা। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের সভাপতি মোহনলাল প্রজাপতি বলেন, ‘আগের সরকার মাটি নিয়ে তোলবাজি করেছে। ফলে মাটি নিয়ে তীব্র সমস্যা তৈরি হয়েছে। আমরা মাটি মাফিয়াদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে এদিন ডেপুটেশন জমা দিই।’       

সম্পর্কিত সংবাদ