নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রযোজক সংস্থার বিবৃতির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের বিস্তর ফারাক। একাধিক অসঙ্গতি স্পষ্ট। তাই তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইনের দ্বারস্থ হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। শনিবার রিজেন্ট পার্ক থানায় হাজির হন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায় সহ বহু কলাকুশলী। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু, অপরাধের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। তার ভিত্তিতে ‘জিরো এফআইআর’ রুজু করে রিজেন্ট পার্ক থানা। লালবাজার জানিয়েছে, ঘটনাস্থল তালসারির সমুদ্রসৈকত। ওই এলাকা ওড়িশা পুলিশের আওতাধীন। তাই ‘জিরো এফআইআর’ করে এই অভিযোগ ওড়িশা পুলিশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার রাতেই সাংবাদিক বৈঠক করে ফোরামের তরফে জানানো হয়েছিল, শনিবার রিজেন্ট পার্ক থানায় রাহুলের অস্বাভাবিক মৃত্যুর তদন্তের জন্য মামলা হবে। কিন্তু, মামলা কেন? ফোরামের দাবি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর্টিস্ট ফোরামের একজন সদস্য। তালসারির সমুদ্র সৈকতে শ্যুটিং চলাকালীন চোরাবালিতে পড়ে তাঁর আকস্মিক মৃত্যু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রযোজনা সংস্থার কাছে একটি বিবৃতি চায় ফোরাম। লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা জানায়, চোরাবালি থেকে রাহুলকে দ্রুত উদ্ধার করা হয়। তখনও রাহুল বেঁচেছিলেন। তালসারির একটি স্থানীয় ক্লিনিকে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে অভিনেতাকে নিয়ে আসা হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে।



