নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার স্বাধীনতা দিবস। এদিন শহরের কোথাও কোথাও শোভা পাবে ভারতমাতার মূর্তি। এই মূর্তি তৈরির ভালো বরাত পেয়েছেন কুমোরটুলির কারিগররা। শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল, এক মৃৎশিল্পীর ঘরে দশ ফুটের ভারতমাতার মূর্তিতে চলছে রং করার কাজ। এদিনই ডেলিভারি। রবীন্দ্র সরণিতে এক শিল্পীর ঘরে তৈরি হওয়া দৃষ্টিনন্দন এই ভারতমাতার মূর্তি দেখতে পথচলতি অনেকেই দাঁড়িয়ে পড়েন। কাউকে কাউকে মোবাইলে ছবি তুলতেও দেখা যায়।
কুমোরটুলি মৃৎশিল্পী সংগঠন সূত্রের খবর, এ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর বেড়েছে শ্রীকৃষ্ণ, রাম‑সীতা, হনুমান প্রভৃতি মূর্তির বরাত। গত কয়েক মাসে মাটি ও ফাইবারের তৈরি দেব-দেবীর মূর্তি রাজ্যের বিভিন্ন স্থানে গিয়েছে। এবার বাড়তি সংযোজন ভারতমাতা। মৃৎশিল্পীদের কথায়, ‘আগে এই ধরনের মূর্তির খুব একটা বরাত মিলত না। এবারই বেশ কয়েকটি বরাত মিলেছে।’ শিল্পীরা বলেন, ‘এখন কুমোরটুলিতে দুর্গা প্রতিমা তৈরির ব্যস্ততা। তারমধ্যে ভারতমাতার মূর্তি গড়ে উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়াই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। এই কাজে সফল হয়েছি। এটাই আনন্দের।’