বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: দুর্গাপুজোর প্রস্তুতি ঘিরে চূড়ান্ত ব্যস্ততা অসমের গুয়াহাটির মণ্ডপে মণ্ডপে। কোথাও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, কোথাও আবার উদ্বোধনের অপেক্ষা। এরই মধ্যে বিপাকে পড়েছে শহরের দু’টি পুজো কমিটি। আয়োজকদের অভিযোগ, মণ্ডপ তৈরির কাজ অসমাপ্ত রেখেই অগ্রিম ১০ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন সুদীপ্ত পাল নামে বাংলার এক শিল্পী। অনিশ্চয়তার মুখে পড়ে ওই শিল্পীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে একটি পুজো কমিটি। ভারালু থানায় দায়ের হয়েছে এফআইআর।
গুয়াহাটির ছত্রবাড়ি দুর্গাপুজো কমিটি ও কুমারপাড়া নয়নতারা ক্লাব দুর্গাপুজো কমিটি মণ্ডপ তৈরির জন্য কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা ওই শিল্পীকে বরাত দিয়েছিল। ছত্রবাড়ি কমিটির এক সদস্যের অভিযোগ, মণ্ডপের কাজের জন্য ওই শিল্পীকে ৮ লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল। অগ্রিম বাবদ প্রায় ৫ লক্ষ ৩৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু অর্ধেক কাজ অসম্পূর্ণ রেখেই ওই শিল্পী চম্পট দিয়েছেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করে কমিটি।
কুমারপাড়ার নয়নতারা দুর্গাপুজো কমিটিও বিপাকে পড়েছে। ওই কমিটিও মণ্ডপ তৈরির দায়িত্ব দিয়েছিল ওই শিল্পীকে। অভিযোগ, এই কমিটির কাছ থেকেও সাড়ে পাঁচ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন ওই শিল্পী। এই কমিটিও পুলিশে অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে।



