নয়াদিল্লি: মানব সভ্যতার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। গত কয়েকদিন ধরেই এই আলোচনায় সরগরম গোটা বিশ্ব। এরই মধ্যে সামনে এলো এক ভয়াবহ প্রতিবেদন। কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলের কারণে চীনের বাণিজ্যিক জাহাজের উপরে আক্রমণের যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছিল আমেরিকার সেনা। শেষ পর্যন্ত তা শুধরে নেওয়া গেলেও, ওই ভুল যে আরও এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল, তা নিয়ে সংশয় নেই ওয়াকিবহাল মহলের।
সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের শুরুতেই পশ্চিম এশিয়ায় এই ঘটনা ঘটেছে। ওই চীনা জাহাজটিতে পারমাণবিক অস্ত্র বহন করা হচ্ছিল বলে শনাক্ত করে এআই। সেই গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েই জাহাজটির উপর আক্রমণ শানাতে প্রস্তুত হয়েছিল মার্কিন বাহিনী। অপারেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করার আগেই রিপোর্টটি খতিয়ে দেখতে গিয়ে ভুল ধরা পড়ে আধিকারিকদের চোখে। সংশ্লিষ্ট এক আধিকারিক সিএননকে বলেছে, এই ‘ভুয়ো তথ্য’ কার্যত ‘যুদ্ধ বাধিয়ে দিচ্ছিল’। তবে ওই জাহাজে ঠিক কী ছিল, তা জানতে পারেনি সংবাদমাধ্যমটি। পাশাপাশি কোন এআই টুল ব্যবহার করা হয়েছিল, সে বিষয়েও কিছু জানা যায়নি।