Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

আর্টেমিস ২: পাঁচ দশক পর চন্দ্রাভিযানে ৪ মহাকাশচারী

অবশেষে বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। ৫৪ বছর পর চাঁদের উদ্দেশে রওনা দিলেন চারজন নভশ্চর। সৌজন্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ অভিযান।

আর্টেমিস ২: পাঁচ দশক পর চন্দ্রাভিযানে ৪ মহাকাশচারী
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০

ফ্লোরিডা: অবশেষে বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। ৫৪ বছর পর চাঁদের উদ্দেশে রওনা দিলেন চারজন নভশ্চর। সৌজন্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ অভিযান। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৩টে ৩৫ নাগাদ বিশালাকার এসএলএস রকেটের সফল উৎক্ষেপণ করে নাসা। সঙ্গে ওরিয়ন মহাকাশযান। ধাপে ধাপে ওরিয়নকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেয় রকেটটি। সব ঠিকঠাক থাকলে ছ’দিনেই গন্তব্যে পৌঁছে যাবে নাসার মহাকাশযান। তবে এবার চাঁদে অবতরণের সুযোগ পাবেন না মহাকাশচারীরা। শুধু প্রদিক্ষণ করবেন। সব মিলিয়ে প্রায় ১০ দিনের এই অভিযানের শেষে আগামী ১০ এপ্রিল ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করবে। ১৯৭২ সালে শেষবার চাঁদে মানব অভিযান চালানো হয়েছিল। সৌজন্যে অ্যাপোলো অভিযান। তারপর মহাকাশে বহুবার গিয়েছেন নভশ্চররা। তবে চাঁদকে ছোঁয়া যায়নি। এই পরিস্থিতিতে ফের চাঁদের মাটি ছোঁয়ার জন্য আর্টেমিস-২ অভিযানের সাফল্যের আশায় প্রহর গুনছে আন্তর্জাতিক মহল।

Advertisement

এদিন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটে চড়ে পাড়ি দেয় ওরিয়ন। এই মহাকাশযানে আমেরিকার রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও কানাডার জেরেমি হ্যানসেন। উৎক্ষেপণের কিছুক্ষণ পরে দু’টি রকেট বুস্টার ও ওরিয়নের লঞ্চ অ্যাবর্ট সিস্টেটম আলাদা হয়ে যায়। ধীরে ধীরে মহাশূন্যে প্রবেশ করে নাসার স্পেস ক্যাপসুল। তারপর পৃথিবীর উচ্চ কক্ষপথে পৌঁছে যায় ওরিয়ন। একদিন এখানেই অবস্থান করবে নাসার মহাকাশযান। এই পর্বে ওরিয়ন ক্যাপসুলের কার্যক্ষমতা খতিয়ে দেখবেন হ্যানসেনরা। এখান থেকে চাঁদের উদ্দেশে চারদিনের যাত্রা শুরু করবেন তাঁরা। সূত্রের খবর, ৬ এপ্রিল চাঁদের সবথেকে কাছে পৌঁছবে ওরিয়ন। চন্দ্রপৃষ্ঠের ছবি তোলার পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক পরীক্ষা চালাবেন চার নভশ্চর। প্রসঙ্গত, এই প্রথমবার মহাকাশচারীদের ব্যক্তিগত আইফোন সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে নাসা। অভিযান চলাকালীন স্মার্টফোন এয়ারপ্লেন মোডে রাখতে হবে। নাসা জানিয়েছে, মোবাইল সঙ্গে থাকলে অভিযানের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি ও ভিডিয়ো তোলা যাবে। পরে গোটা বিশ্বের মানুষের সঙ্গে সেগুলি ভাগ করে নিতে পারবেন নভশ্চররা। 
অভিযান নিয়ে উচ্ছ্বসিত নাসার শীর্ষ কর্তারা। মহাকাশ গবেষণা সংস্থার প্রশাসক জারেড আইজ্যাকম্যানের কথায়, ‘ওরিয়নে চারজন অসাধারণ নভশ্চর রয়েছেন। আর্টেমিস-২ অভিযানের মাধ্যমে আবার চাঁদে ফিরলাম আমরা।’ সহকারী অ্যাডমিনিস্ট্রেটর অমিত ক্ষত্রিয় বলেন, ‘আগামী ১০ দিন ধরে ওরিয়ন নিয়ে বিভিন্ন পরীক্ষা চালাবেন রিড, ভিক্টর, ক্রিস্টিনা ও জেরেমি। ভবিষ্যতে তাঁদের দেখানো পথেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবেন নভশ্চররা।’ ছবি: এএফপি

সম্পর্কিত সংবাদ