অর্শদীপের চোট, দলে ভুবনেশ্বর
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: পুজোর উন্মাদনার মধ্যেই শনিবার রয়েছে উত্তেজক ক্রিকেটের হাতছানি। বাগিচা শহরে ধুন্ধুমার নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি-২০ সিরজে আপাতত ২-২। ঘরের মাঠে শ্রেয়স আয়ার ব্রিগেডের উপর তাই সিরিজ জেতার মারাত্মক চাপ। আগের চারটি ম্যাচে যেভাবে বোলারদের উপর রোলার চালিয়েছেন ব্যাটাররা। তার পুনরাবৃত্তিই হওয়ার কথা চিন্নাস্বামী স্টেডিয়ামে। ছোট মাঠে চার-ছক্কার ফুলঝুরি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরাও। তবে প্রকৃতি বাদ সাধতে পারে এই আবহে। গত কয়েকদিন ধরেই শরতের বৃষ্টিতে ভেসেছে শহর। শনিবার সন্ধ্যার সময়ও বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে, দুরু দুরু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

তবে ভারতীয় দল তা নিয়ে ভাবতে চাইছে না। বরং নিজেদের হোমওয়ার্ক জোরদার করাতেই মন গৌতম গম্ভীরের ছাত্রদের। এরমধ্যে অর্শদীপ সিংয়ের বাঁ-কাঁধে চোট নিয়ে উদ্বেগ থাকছে। সতর্কতা হিসেবে টিম ম্যানেজমেন্ট দলের সঙ্গে যোগ দিতে ডেকে পাঠিয়েছে বর্ষীয়ান ভুবনেশ্বর কুমারকে। ৩৬ বছর বয়সি নিউজিল্যান্ড সফরের টি-২০ স্কোয়াডেও রয়েছেন। অর্শদীপের চোটের জন্য আগাম শিবিরে আসছেন ভুবি। সম্ভবত, শনিবার খেলানোও হবে তাঁকে। প্রথম এগারোয় ফিরতে পারেন কুলদীপ যাদবও। সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে খেলানো হয়নি তাঁকে। তবে ভারতীয় বোলিংয়ের দুরাবস্থা তাতে ধরা পড়েছে আরও। অভিজ্ঞ চায়নাম্যান মাঝের ওভারে রান আটকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। ক্যারিবিয়ান ক্যাপ্টেন শাই হোপ ও মিডল অর্ডার ব্যাটার শেরফানে রাদারফোর্ডের সামনে ভারতীয় বোলিংয়ের অসহায়তা ফুটে উঠেছে বারবার। হোপ এই সিরিজে দু’টি শতরান করে ফেলেছেন। রাদারফোর্ডও বিধ্বংসী মেজাজে, তাঁর ব্যাটে এসেছে ২২১ রান। সিরিজ জিততে গেলে এই দু’জনকে দ্রুত ফেরাতে হবে ডাগ-আউটে।
ভারতীয় ব্যাটিংয়ে আবার দলগত প্রচেষ্টার অভাব। প্রথম ম্যাচে জয় এনেছিল ক্যাপ্টেন শ্রেয়সের শতরান। কিন্তু পরের তিন ইনিংসে তাঁর ফর্ম ক্রমশ নিম্নমুখী। সঞ্জু স্যামসন ও অভিষেক আয়ার, দুই ওপেনারের সিরিজে সব মিলিয়ে রয়েছে তিনটি হাফ-সেঞ্চুরি। কিন্তু ওপেনিংয়ে বড়ো রান সেভাবে আসেনি। হায়দরাবাদে বুধবার প্রথম উইকেটে ৬০ রান যোগ হলেও তাতে অভিষেকের অবদান ছিল মাত্র ২। বাকি ৫৬ এসেছিল সঞ্জুর ব্যাটে। ঈশান কিষান, শ্রেয়স ও তিলক ভার্মাকে নিয়ে গড়া মিডল অর্ডার ভরসা জোগাচ্ছে না। চাপের মুখে আটকে পড়ছেন তাঁরা। শুকিয়ে যাচ্ছে বাউন্ডারি। নমন ধীর অবশ্য ব্যাট হাতে পুরো ব্যর্থ। তিন ইনিংসে তাঁর অবদান মোটে ১৪! হায়দরাবাদে নীতীশ রেড্ডি অবশ্য ব্যাট হাতে আশার আলো জ্বালিয়েছিলেন। কিন্তু জেতাতে পারেননি।
সিরিজের শেষ দু’টি ম্যাচে জিতেছে প্রথমে ব্যাট করা দল। ফলে রান তাড়া করাই জয়ের একমাত্র রাস্তা যে নয়, তা প্রমাণিত। তবে তারপরও টস জিতলে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্তই হয়তো নেবেন ক্যাপ্টেনরা। 
 খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওস্টারে।