Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাঞ্চেস্টার সিটিকে দুরমুশ করে কমিউনিটি শিল্ড আর্সেনালের

দীর্ঘ ২২ বছর পর ইপিএল চ্যাম্পিয়ন! সেই সঙ্গে উয়েফা চ্যাম্পিন্স লিগ ফাইনালে পৌঁছানো। গত মরশুমটা স্বপ্নের মতো কেটেছিল আর্সেনালের।

ম্যাঞ্চেস্টার সিটিকে দুরমুশ করে কমিউনিটি শিল্ড আর্সেনালের
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আর্সেনাল- ৩       :        ম্যান সিটি- ০

Advertisement

লন্ডন: দীর্ঘ ২২ বছর পর ইপিএল চ্যাম্পিয়ন! সেই সঙ্গে উয়েফা চ্যাম্পিন্স লিগ ফাইনালে পৌঁছানো। গত মরশুমটা স্বপ্নের মতো কেটেছিল আর্সেনালের। কোচ মিকেল আর্তেতার প্রশিক্ষণে নতুন মরশুমেও শুরুটা দুরন্ত করল তারা। ইংলিশ ফুটবলের ‘কার্টেন রেইজার’ হিসাবে পরিচিত কমিউনিটি শিল্ডের একপেশে ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে হারাল লন্ডনের ক্লাবটি। সেই সুবাদে মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল আর্সেনাল। রবিবার কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে গানারদের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে রিকার্ডো ক্যালাফিওরি, কাই হাভার্ট ও মার্টিন ওডেগার্ড।
পেপ গুয়ার্দিওলা দল ছাড়ার পর রবিবার প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিল ম্যান সিটি। তবে সিটিজেনদের হয়ে অভিষেকটা সুখকর হল না কোচ এনজো মারেস্কার। প্রথম ম্যাচেই বড়ো হারের মুখ দেখতে হল তাঁকে। উল্লেখ্য, দল বদলের ডামাডোলের জেরে এদিন স্কোয়াডে ছিলেন না রড্রি। ফলে ম্যান সিটির মাঝমাঠের দুর্বলতা ছিল প্রকট। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের প্রথম মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন রিকার্ডো। মাইলস লুইসের ডিফেন্সচেরা পাস ধরে গোল করেন এই তরুণ উইং-ব্যাক (১-০)। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান কাই হাভার্ট। তরুণ গ্রিক উইঙ্গার টোলিসের সেন্টার থেকে হেডে জাল কাঁপান তিনি (২-০)। বিরতির পরেও ম্যাচে দাপট বজায় রাখে গানাররা। ৪৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মার্টিন ওডেগার্ড। এক্ষেত্রে ক্রিস্টোসের থ্রু ধরে জাল কাঁপান তিনি (৩-০)।

Advertisement
সম্পর্কিত সংবাদ