আর্সেনাল- ৩ : ফুলহ্যাম- ০
ম্যান ইউ- ৩ : লিভারপুল- ২
আর্সেনাল- ৩ : ফুলহ্যাম- ০
ম্যান ইউ- ৩ : লিভারপুল- ২
লন্ডন: প্রিমিয়ার লিগ খেতাবি দৌড়ে ম্যাঞ্চেস্টার সিটির উপর চাপ বজায় রাখল আর্সেনাল। শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামের বিরুদ্ধে ৩ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল মিকেল আর্তেতা ব্রিগেড। সেই সুবাদে নীল ম্যাঞ্চেস্টারের (৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট) চেয়ে ছয় পয়েন্টে লিড নিল গানাররা (৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট)। এদিনের ম্যাচে জোড়া গোল ভিক্টর গোয়কেরাসের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন বুকায়ো সাকা। উল্লেখ্য, খেতাবি লড়াইয়ে বাকি ম্যাচগুলি জয়ের পাশাপাশি গোল পার্থক্য বাড়িয়ে রাখার উপর জোর দিয়েছিলেন মিকেল আর্তেতা। এদিকে, রবিবার লিভারপুলকে ৩-২ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে শুরুতেই দু’গোলে লিড নেয় ‘রেড ডেভিলস’। জাল কাঁপান ম্যাথুস কুনহা ও বেনজামিন সেসকো। সেই ধাক্কা সামলে দারুণভাবে লড়াইয়ে ফেরে আর্নে স্লটের ছেলেরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ডোমিনিক সোবোস্লাই ও কডি গাকপোর গোলে সমতায় ফেরে তারা। লিড হাতছাড়া হলেও দমে যাননি ব্রুনো ফার্নান্ডেজরা। ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ফের ম্যান ইউকে এগিয়ে দেন কোবি মাইনো। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি মাইকেল ক্যারিকের দলকে। জয়ের সুবাদে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই ম্যান ইউ। আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও নিশ্চিত করল ‘রেড ডেভিলস’। আর হেরে চার নম্বরেই রইল লিভারপুল (৩৫ ম্যাচে ৫৮)।
এদিকে, লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হয় ম্যান ইউ’র প্রাক্তন ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনকে। ৮৪ বছর বয়সি সেখানে পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।