শুরুতে পিছিয়ে পড়েও লিডসকে হারাল আর্সেনাল, বড়ো জয় চেলসির
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: লম্বা আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ফুটবলের শুরুতেই জমজমাট লড়াই। রবিবার ইপিএলে লিভারপুলের বিরুদ্ধে নামছে ম্যাঞ্চেস্টার সিটি। লিগের প্রথম ৫টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এনজো মারেস্কার ছেলেরা। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ‘দ্য রেডস’ ব্রিগেড। তাই রবিবার ঘরের মাঠে জিতে পয়েন্ট টেবিলে উন্নতি করাই লক্ষ্য লিভারপুলের। তবে মো সালাহ, অ্যান্ডি রবার্টসন, কার্টিস জোন্সের মতো ফুটবলার দল ছাড়তে অনেকটাই শক্তি কমেছে অ্যানফিল্ডের ক্লাবটির। পাশাপাশি কোচের পদে দায়িত্ব নিয়ে এখনও সেভাবে ভরসা জোগাতে পারেননি আন্দোনি ইরাওলা। তবে রবিবার ম্যান সিটিকে হারাতে পারলে পায়ের তলার জমি অনেকটাই শক্ত হবে এই স্প্যানিশ কোচের। অন্যদিকে, পেপ গুয়ার্দিওলার উত্তরসূরি হিসাবে শুরুটা দারুণ করেছেন এনজো মারেস্কা। লিগের প্রথম ৫ ম্যাচের পারফরম্যান্সেই তা প্রমানিত। তারউপর এনজো ফার্নান্ডেজের অন্তর্ভুক্তিতে সিটির শক্তি আরও বেড়েছে। লিভারপুলের বিরুদ্ধেও জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাদের।

Advertisement

শনিবার ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম মিকেল আর্তেতা ব্রিগেড। ম্যাচে গানারদের হয়ে জাল কাঁপান রিকার্ডো ক্যালাফিওরি ও ব্রুনো গুইমারেজ। লিডসের একমাত্র গোলটি জেমস জাস্টিনের। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ১৫ পয়েন্ট। দিনের অপর ম্যাচে বোর্নমাউথকে ৫-১ গোলে হারাল চেলসি। ম্যাচে জোড়া গোল জর্ডন হেন্ডারসন ও হোয়াও পেড্রোর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন মরগ্যান রজার্স। বোর্নমাউথের একমাত্র গোলটি এভানিলসনের। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১০ পয়ন্টে নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠল চেলসি। অন্যদিকে, ঘরের মাঠে শেষ মুহূর্তের গোল হজমে জয় হাতছাড়া করল ম্যান ইউ। টটেনহ্যামের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল রেড ডেভিলস।