Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ আর্সেনাল-আতলেতিকো দ্বৈরথ

সোবা রিয়ালটি ট্রেনিং সেন্টারের সবে পা রেখেছেন ফুটবলাররা। বাঁশি হাতে মাঠে প্রবেশ করেই সকলকে ডেকে নিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা

আজ আর্সেনাল-আতলেতিকো দ্বৈরথ
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: সোবা রিয়ালটি ট্রেনিং সেন্টারের সবে পা রেখেছেন ফুটবলাররা। বাঁশি হাতে মাঠে প্রবেশ করেই সকলকে ডেকে নিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। মিনিট পাঁচেকের ছোট্ট মিটিং। ছেলেদের জন্য তাঁর সাফ বার্তা। ইউরোপ সেরার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। না হলে আতলেতিকোকে রোখা অসম্ভব। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের প্রথম লেগে বিপক্ষের ডেরায় লিড নিয়েও তা হাতছাড়া করেছিল আর্সেনাল। ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে আতলেতিকো মাদ্রিদ। তাই মঙ্গলবার ঘরের মাঠে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া লন্ডনের ক্লাবটি। পক্ষান্তরে, আরও একবার কাউন্টার অ্যাটাক ফুটবল মেলে ধরেই আর্সেনালকে টেক্কা দিতে চায় আতলেতিকো।

Advertisement

ক্লাব ইতিহাসে প্রথমবারের জন্য প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ রয়েছে আর্সেনালের সামনে। তবে শেষ চারের ফিরতি পর্বে লড়াইয়ে নামার আগে আরও একবার চোট সমস্যায় জর্জরিত আর্সেনাল। মার্টিন ওডেগার্ড, কাই হাভার্ট, মিকেল মেরিনো, জুরিয়েন টিম্বার সোমবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ফলে মঙ্গলবার তাঁদের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোচ আর্তেতা অবশ্য বাকিদের উপর আস্থা রাখছেন। তাঁর কথায়, ‘ঘরের মাঠে আমাদের সামনে সুযোগ রয়েছে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোর। তার জন্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরতে হবে।’ অন্যদিকে, লা লিগায় গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আতলেতিকো। বিশেষত চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে নিয়মিত প্রথম একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ সিমিওনে। তা সত্ত্বেও ছেলেদের লড়াকু পারফরম্যান্স আর্সেনাল ম্যাচের আগে স্বস্তিতে রাখছে আতলেতিকো কোচকে। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাঁর। তবে আর্সেনালের মতো মাদ্রিদের দলটিতেও বেশ কিছু ফুটবলারের চোট রয়েছে। তবুও আশাবাদী কোচ সিমিওনে। তাঁর মন্তব্য, ‘১৫ বছর আগে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়েই দলের দায়িত্ব নিয়েছিলাম। আগে দু’বার ফাইনালে পৌঁছালেও, তা অধরা রয়েছে। এবার আর থামতে চাই না।’ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে।সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ