Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬

গ্রেপ্তার স্বতন্ত্র এক দিনের হেপাজতে, ‘চুপিসারে’ আদালতে পেশের অভিযোগ নিশুর আইনজীবীর

সিজেপি, কংগ্রেস সহ বিরোধী শিবিরের চাপে শেষমেশ শ্রীঘরে ঠাঁই হল স্বঘোষিত গোরক্ষক তথা হিন্দুত্ববাদী নেতা স্বতন্ত্র ভরদ্বাজের। শুক্রবার তাঁকে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে আটক করেছিল দিল্লি পুলিশ।

গ্রেপ্তার স্বতন্ত্র এক দিনের হেপাজতে, ‘চুপিসারে’ আদালতে পেশের অভিযোগ নিশুর আইনজীবীর
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সিজেপি, কংগ্রেস সহ বিরোধী শিবিরের চাপে শেষমেশ শ্রীঘরে ঠাঁই হল স্বঘোষিত গোরক্ষক তথা হিন্দুত্ববাদী নেতা স্বতন্ত্র ভরদ্বাজের। শুক্রবার তাঁকে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে আটক করেছিল দিল্লি পুলিশ। শনিবার স্বতন্ত্রকে গ্রেপ্তার করে অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ প্রতাপ সিং লালেরের বাসভবনে পেশ করা হয়। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন অভিযুক্তের আইনজীবী। শুনানি শেষে স্বতন্ত্রের এক দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছিল, স্বতন্ত্রকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে। এনিয়ে সকাল থেকেই ভরদ্বাজের সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তড়িঘড়ি পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। এরইমাঝে ‘চুপিসারে’ আদালতে পেশের অভিযোগ ঘিরে বিতর্ক চরমে উঠেছে। স্কুলছাত্রী নিশু আজাদের আইনজীবী ঋষভ রঞ্জনের বক্তব্য, অদ্ভুত ব্যাপার। আমরা সবাই আদালতে শুনানির অপেক্ষা করছিলাম। হঠাৎ জানতে পারি আদালতের পরিবর্তে বিচারকের বাসভবনে অভিযুক্তকে পেশ করা হয়েছে। এমন গুরুতর অপরাধের জন্য তাঁকে মাত্র একদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তথ্য পাইনি। স্বতন্ত্রের বিরুদ্ধে কী কী ধারা যোগ করা হয়েছে জানি না। এফআইআরে কোনো পরিবর্তন, সংযোজন হয়েছে কি না, সেই খবরও নেই। জানি না, কী লুকানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধীদের একাংশের কটাক্ষ, তাহলে কি পডকাস্টে স্বতন্ত্রর দাবি সত্যি ছিল? কেউ বা কারা আড়াল থেকে হিন্দুত্ববাদী নেতাকে রক্ষা করার চেষ্টা করছেন। উল্লেখ্য, দিনকয়েক আগে এক পডকাস্টে স্বতন্ত্র ভরদ্বাজ দাবি করে, কপিল মিশ্র, চিরাগ পাশোয়ান থেকে নরেন্দ্র মোদি সবাই তাঁর দাদার মতো। তাই যন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভের সময় স্কুলছাত্রী নিশু আজাদের বাবার খুলি ফাটিয়েও জেলের বাইরে ছিলেন তিনি। পুলিশ তাঁকে স্পর্শ করতে পারেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ