Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অস্ট্রেলিয়ান ডলারে ভুয়ো পেমেন্ট, লক্ষাধিক টাকার মোবাইল হাতিয়ে গ্রেপ্তার

কোম্পানির নামে কিনে নিয়ে গিয়েছিলেন ১ লক্ষ ৩০ হাজার টাকার একটি ফোন! পেমেন্ট করেছিলেন অস্ট্রেলিয়ান ডলারে!

অস্ট্রেলিয়ান ডলারে ভুয়ো পেমেন্ট, লক্ষাধিক টাকার মোবাইল হাতিয়ে গ্রেপ্তার
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোম্পানির নামে কিনে নিয়ে গিয়েছিলেন ১ লক্ষ ৩০ হাজার টাকার একটি ফোন! পেমেন্ট করেছিলেন অস্ট্রেলিয়ান ডলারে! দোকানদারকে বলেছিলেন, পেমেন্ট ডান। ২ ঘণ্টার মধ্যেই ঢুকে যাবে। কিন্তু, সেই টাকা আর ঢোকেনি। পরে ফোন করলেও পাওয়া যায়নি ক্রেতাকে। এমনকি, যে কোম্পানির নামে ফোন করেছিলেন, সেই কোম্পানিও জানিয়ে দেয়, তারা কিছুই জানে না! তারপরই ওই দোকানদার বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ভুয়ো পেমেন্ট করে ফোন হাতিয়েছে প্রতারক। সল্টলেকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, অভিযোগ দায়ের হওয়ার পরই অভিযুক্তকে যুবককে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতের নাম অভিষেক দেব। তার বাড়ি গুজরাতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের সিএফ ব্লকে ওই মোবাইলের দোকান রয়েছে। ৬ আগস্ট অভিষেক সেখানে যায়। ১ লক্ষ ৩০ হাজার টাকার দামের ফোনটি সে পছন্দ করে। একটি কোম্পানির নামে বিল করায়। সে দোকানদারকে বলে, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে সে অনলাইন পেমেন্ট করবে। তবে, ভারতীয় টাকায় নয়। অস্ট্রেলিয়ান ডলারে। দোকানদার তাতে রাজিও হয়ে যান। ওই ব্যক্তি ভুয়ো পেমেন্ট করে দোকানদারকে দেখায়। তারপর বলে, যেহেতু অস্ট্রেলিয়ান ডলার, তাই একটু দেরি হতে পারে। তবে, ঘণ্টা দু’য়েকের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। দোকানদার বিল করে ফোন তাঁর হাতে দিয়ে দেন। সে চলেও যায়। কিন্তু, ২ ঘণ্টার পরেও কোনো টাকা ক্রেডিট হয়নি। ক্রেতাকে ফোন করলেও উত্তর মেলেনি। তাকে হোয়াটসঅ্যাপও করা হয়। সেখানেও কোনো জবাব পাননি দোকানদার। তারপর যে কোম্পানির নামে বিল করা হয়েছিল, সেই কোম্পানির সঙ্গে দোকানদার যোগাযোগ করেন। কোম্পানির পক্ষ থেকে  ওই দোকানদারকে জানানো হয়, তাদের হয়ে ফোন কেউ কেনেনি। অভিষেক নামে তাদের কোম্পানিতে কোনো কর্মীও নেই! তিনদিন ধরে অনেক চেষ্টার পর তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। তারপরই ৯ আগস্ট থানায় অভিযোগ দায়ের হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ