


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হোয়াটসঅ্যাপ কলে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। মূলত ব্যবসায়ীদের কাছেই ফোন করে টাকা চাওয়া হচ্ছিল। ওই ঘটনার তদন্তে নেমে মাত্র তিনদিনের মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রকাশ রায়। হাবড়া থানার অন্তর্গত আক্রমপুরে তার বাড়ি। ঘটনার তদন্তের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে বিধাননগর আদালতে আবেদন করেছিল পুলিশ। আদালত ধৃতের আটদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ধৃতকে জেরা করে পুলিশ পুরো চক্রের কিনারা করতে মাঠে নেমেছে।
রাজ্যজুড়ে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে বিজেপি। এখন অনেকেই তৎকাল বিজেপি হয়ে উঠছে। সেই সুযোগ নিতে গিয়েছিল প্রতারকরাও। সম্প্রতি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নাম করে প্রতারকরা বিভিন্ন লোকজনদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল। একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইলও খোলা হয়েছিল। হোয়াটসঅ্যাপ কল করেই টাকা চাওয়া হচ্ছিল। ৪ মে ফলাফল প্রকাশের পর বিষয়টি নজরে আসে রাজ্য বিজেপি কর্তৃপক্ষের। তারপরই বিজেপির পক্ষ থেকে ৬ মে সল্টলেকে অবস্থিত বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কারণ, নেতার বদনামের সঙ্গে আর্থিক প্রতারণার বিষয়টিও যুক্ত। তাই প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করার দাবিও উঠেছিল।
হোয়াটসঅ্যাপ ফোন কলসহ বিভিন্ন ডিজিটাল তথ্যের উপর নির্ভর করে ঘটনার তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। তারপরই হাবড়ার যুবক প্রকাশের নাম উঠে আসে। তারপরই তাকে পাকড়াও করা হয়। বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধে ব্যবহৃত মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জেরা করে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।