


নয়াদিল্লি ২০ এপ্রিল: দিল্লিতে বিদ্যুত্ গ্রাহকদের সামনে আসতে পারে খারাপ খবর। আপিল ট্রাইব্যুনাল ফর ইলেকট্রিসিটি সাম্প্রতি দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের একটি আবেদন খারিজ করে দিয়েছে। যার ফল সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। আগামী দিনে বিদ্যুতের বিল বাড়তে পারে পারে। এমনটাই সম্ভবনা তৈরি হয়েছে।
দিল্লির তিনটি বেসরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা বিআরপিএল, বিওয়াইপিএল এবং টিপিডিডিএল এর দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের থেকে প্রায় ৩০,০০০ কোটি টাকার বকেয়া ছিল। ডিইআরসি এই বকেয়া টাকা পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিল। কিন্তু এই আবেদন খারিজ হয়ে যায়। এখন নির্ধারিত সময়সীমার মধ্যেই এই অর্থ আদায়ের পক্রিয়া শুরু করতে হবে এমনটাই জানানো হয়। এই বিষয়টির সূত্রপাত, সুপ্রিম কোর্টের ২০২৫ সালের আগস্ট মাসের একটি নির্দেশিকা থেকে। শীর্ষ আদালত জানিয়েছিল, সমস্ত রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে ২০২৪ সালের এপ্রিল থেকে বকেয়া আদায়ের প্রক্রিয়া শুরু করতে হবে এবং ২০২৮ সালের এপ্রিলের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে। আদালত আরও বলেছিল, প্রয়োজনে বিদ্যুতের শুল্ক বাড়ানোর মতো পদক্ষেপও নেওয়া যেতে পারে।
গত কয়েক বছরে দিল্লির বিদ্যুত্ শুল্ক কমানো হয়েছিল। কিন্তু অপরদিকে বকেয়া বাড়তেই থেকেছে অবিরাম। অন্যদিকে, তামিলনাড়ুর মতো কিছু রাজ্যে সরকার এই আর্থিক বোঝা নিজেরাই বহন করার ইঙ্গিত দিয়েছে, ফলে সাধারণ গ্রাহকদের ওপর চাপ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দিল্লিতে পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলি বেসরকারি হাতে পরিচালিত, ফলে বকেয়া আদায়ের চাপ সরাসরি গ্রাহকদের ওপর পড়তে পারে।