সংবাদদাতা, রানাঘাট: বজ্রপাতের কারণে বিদ্যুৎহীন হয়ে রয়েছে আড়ংঘাটা শিকড়ি প্রাথমিক বিদ্যালয়। প্রায় ২০ দিন ধরে গরমে হাঁসফাঁস করছে খুদে পড়ুয়ারা। শনিবার স্কুল পরিদর্শনে যান রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। তিনি দ্রুত স্কুলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেন।
জানা গিয়েছে, গত ১৯ মে ভয়াবহ বজ্রপাতের কারণে স্কুলের বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। ঘটনার ২০ দিন পরেও ওই স্কুল বিদ্যুৎহীন হয়ে রয়েছে। ফলে গরমে লাইট, পাখা ছাড়াই গলদঘর্ম অবস্থায় ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। সেইসঙ্গে ছাত্রছাত্রীদের পানীয় জলের সমস্যা হচ্ছে। কারণ বজ্রপাতের কারণে খারাপ হয়ে গিয়েছে জল তোলার মোটর ও ওয়াটার পিউরিফায়ার মেশিন। সেজন্য স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা কমেছে।
বিদ্যুৎ বিপর্যয়ের পরই বিষয়টি ব্লক প্রশাসন ও ডিআই অফিসে জানানো হয়েছিল স্কুলের পক্ষ থেকে। প্রশাসনের নির্দেশে মাঝে ইঞ্জিনিয়াররা এসে স্কুল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে যান। কিন্তু, তারপরেও সমস্যার কোনো সমাধান হয়নি।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণকুমার রায় জানান, গত ১৯ জুন বজ্রপাতের কারণে স্কুলের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। স্কুলের ইলেকট্রিক বোর্ড সহ প্রায় ১৭টি পাখা খারাপ হয়ে যায়। ইলেকট্রিকের বোর্ডগুলি দেওয়াল থেকে খুলে পড়ে গিয়ে বিপজ্জনক ভাবে ঝুলছে। খারাপ হয়ে যায় পানীয় জল তোলার মোটর সহ জল পিউরিফায়ার মেশিন। ফলে এখন ছাত্রছাত্রীদের জন্য পানীয় জল কেনা হচ্ছে। বিষয়টি আমরা ডিআই অফিস এবং বিডিও অফিসে লিখিতভাবে জানিয়েছি। বিডিও অফিস থেকে বলা হয়েছে, জেলা অফিসে জানানো হয়েছে। যদিও জেলা অফিস থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। এদিন ওই স্কুল পরিদর্শনে যান রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। তিনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন। স্কুলের প্রতিটি ক্লাসরুমও ঘুরে দেখেন। বিধায়ক জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে যাতে দ্রুত স্কুলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় তার ব্যবস্থা করব। বিদ্যুৎহীন আড়ংঘাটা শিকড়ি প্রাথমিক স্কুল।