নয়াদিল্লি: অশ্বিনের অবসর ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আচমকাই তাঁর ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তে প্রাক্তনরা অবাক। কেউ বা বিতর্কের আগুনে গা সেঁকছেন। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব কার্যত বাকরুদ্ধ। কিংবদন্তির মতে, দেশের মাটিতে অবসর ঘোষণা করা উচিত ছিল অশ্বিনের। কপিল বলেছেন, ‘অনুরাগীদের মতো আমিও এই সিদ্ধান্তে বিস্মিত। অশ্বিনের মতো ক্রিকেটারের আরও সম্মান পাওয়া উচিত। ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এবিষয়ে চিন্তাভাবনা করবে। আমি চাই, জমকালো বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হোক।’
Advertisement
দেশের হয়ে ১০৬ টেস্টে ৫৩৭টি উইকেটের মালিক তারকা অফ স্পিনার। ভারতীয় বোলারদের মধ্যে অনিল কুম্বলের (৬১৯) পরেই রয়েছেন অশ্বিন। অসামান্য কীর্তি গড়েছেন ম্যারাথন কেরিয়ারে। কপিলের মম্তব্য, ‘অশ্বিন একজন কিংবদন্তি। সত্যিকারের চ্যাম্পিয়ন। বল হাতে দীর্ঘদিন দলকে ভরসা দিয়েছে। ও কত বড় বোলার তা ওর পারফরম্যান্সেই প্রমাণিত। ওর বিকল্প চট করে পাওয়া মুশকিল।’ অশ্বিনের অবসর অজি শিবিরকেও নাড়িয়ে দিয়েছে। মিচেল স্টার্কের মন্তব্য, ‘প্রতিপক্ষ হিসেবে ওকে সম্মান জানাই। সিরিজের মাঝপথে এই সিদ্ধান্তে আমরা বিস্মিত।’



