নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অবৈধ অস্ত্র কারবার নিয়ে বড় সাফল্য পেল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। রাজ্য পুলিশের এই বিশেষ বাহিনী দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চলে অবৈধ অস্ত্র কারবার নিয়ে তদন্ত চালিয়ে আসছিল। কিছুদিন আগে তারা জামুরিয়ার বেলবাদ বাস স্ট্যান্ড থেকে অস্ত্র কারবারি খইরুল আলম ওরফে গদাইকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি ওয়ান শাটার অস্ত্র উদ্ধার হয়। তার বাড়ি ছিল পাণ্ডবেশ্বরের দান্য গ্রামে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করায় এই অস্ত্র কারবারের সব তথ্য জানায় সে। পাশাপাশি এই কারবারের অন্যতম মাথা হিসাবে শামসের হোসেনের নাম উঠে আসে। শামসের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় কুখ্যাত কয়লা কারবারি হিসেবেই পরিচিত। এরপর ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ। তারপর দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা।



