নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: যে দপ্তরই তিনি পান না কেন, প্রধান লক্ষ্য বারাকপুর শিল্পাঞ্চলে কল-কারখানা ফিরিয়ে নিয়ে আসা। মঙ্গলবার একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি করলেন বারাকপুর শিল্পাঞ্চলের দাবাং নেতা তথা বর্তমান মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, আমার ৪৩ বছরের রাজনীতি এই শিল্পাঞ্চলকে ঘিরে। এখান থেকে আমি পাঁচবার বিধায়ক হয়েছি। প্রতিদান দিতেই হবে।
তিনি মনে করিয়ে দেন, বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে। জুট শিল্পের অবস্থাও খারাপ। বেশ কয়েকটি বন্ধ। মাঝেমধ্যে কয়েকটি বন্ধ হয়ে যাচ্ছে। এই শিল্পকে রক্ষা করতে হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে জুট শিল্পের বরাত বাড়াতে হবে। ওদের যে সমস্যা আছে তা মেটাতে হবে। তাঁর সাফ বক্তব্য, যে দপ্তরই আমি পাই না কেন। অগ্রাধিকার হল বারাকপুর শিল্পাঞ্চলে শিল্পের পুনরুজ্জীবন।
সোমবার শপথ গ্রহণের পর রাতে বাড়ি ফেরার পথে সোদপুর, টিটাগড়, বারাকপুর, নোয়াপাড়া, ভাট পাড়ায় সংবর্ধনায় ভেসে যান অর্জুন। মঙ্গলবার সকাল থেকে মজদুর ভবনে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন শিল্পাঞ্চলের বিজেপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ। শুভেচ্ছায় আপ্লুত অর্জুন সিং। কেউ মালা পরান, কেউ উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক তুলে দেন। সকলকে হাসি মুখে ধন্যবাদ জানান অর্জুন সিং। এদিন তিনি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।
অর্জুন বলেন, আমি চার বারের বিধায়ক থাকলেও তৃণমূল আমাকে সেই মর্যাদা দেয়নি। বিজেপি যা দিল, আমি কৃতজ্ঞ। যে দায়িত্ব দল ও সরকার দেবে, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাঁর কটাক্ষ, তৃণমূল পার্টিটা উঠে যাবে। ইতিমধ্যে বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি পুরসভার কাউন্সিলার পদত্যাগ করেছেন। যাঁরা আছেন তাঁরাও পদত্যাগ করবেন। পুরসভাগুলিতে প্রশাসক বসছে। সেগুলি যাতে ঠিকমতো কাজ করে তা দেখতে হবে। তবে প্রধান অগ্রাধিকার হল, বারাকপুর শিল্পাঞ্চলের শিল্পকে নতুন করে বাঁচিয়ে তোলা। যাতে এখানে মানুষ কাজ করতে আসে। এখানকার মানুষের কাজের অভাব না হয়।