Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জগদ্দল গুলি কাণ্ডে হাইকোর্টে সাময়িক স্বস্তি অর্জুন সিংয়ের

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং।

জগদ্দল গুলি কাণ্ডে হাইকোর্টে সাময়িক স্বস্তি অর্জুন সিংয়ের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। আগামী ২৪ ঘণ্টা তাঁকে গ্রেপ্তার করা যাবে না বুধবার মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। জগদ্দল গুলি কাণ্ডে বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। মঙ্গলবার বারাকপুর এসিজেএম আদালতের বিচারক মণিকা চট্টোপাধ্যায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। বুধবার সেই মামলার শুনানির পর মৌখিকভাবে গ্রেপ্তারিতে নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি সেনগুপ্ত। আজ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। সেই শুনানি পর্যন্ত পুলিস কোনও পদক্ষেপ করতে পারবে না। এদিন হাইকোর্টে জগদ্দল গুলি কাণ্ডে অর্জুন সিংয়ের পক্ষ থেকে আগাম জামিন ও রক্ষাকবচ চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ। 

Advertisement

গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। এবার পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা। পরে অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।

Advertisement
সম্পর্কিত সংবাদ