টেক্সাস: গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। আসন্ন বিশ্বকাপেও খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর লায়োনেল স্কালোনির ছেলেরা। মেগা আসরের প্রস্তুতিতে টেক্সাসে হন্ডুরাসের বিরুদ্ধে নামছে লা আলবিসেলেস্তে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া অনুশীলনে পেশি ছিঁড়ে গিয়েছে ডিফেন্ডার লিওনার্দো বেলার্দির। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তরুণ ডিফেন্ডার। যা আর্জেন্তিনার কাছে বড় ধাক্কা।
প্রীতি ম্যাচে লায়োনেল মেসির না থাকাটা অবশ্য প্রত্যাশিতই। গত ২৪ মে ইন্তার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয় লিওর। তবে আর্জেন্তিনার কোচ স্কালোনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মেসি অনেকটাই সুস্থ। এমনকি, পুরো দলের সঙ্গে অনুশীলনও করছেন। পরের প্রীতি ম্যাচে তাঁকে কিছু মিনিট খেলতেও দেখা যেতে পারে। তবে হন্ডুরাসের বিরুদ্ধে মহাতারকাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে প্রথম একাদশে আক্রমণভাগে লাওতারো মার্তিনেজের সঙ্গে শুরু করতে পারেন আলমাডা ও সিমিওনে। অবশ্য পরের দিকে সদ্য চোট সারিয়ে ফেরা জুলিয়ান আলভারেজ, নিকো পাজ, নিকো গঞ্জালেসদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। মাঝমাঠে রয়েছেন এল সেলসো, এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার, ডে পল, পারাডেসরা। এঁদের মধ্যে বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন বেছে নেওয়াই চ্যালেঞ্জ স্কালোনির।
রবিবার খেলা শুরু ভোর ৫-৩০ মিনিটে।