নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংসদ কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নির্দেশিকা আছে কি না, রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে এই তথ্য জানতে চেয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। এই সংক্রান্ত নিয়ম জানানোর জন্য এদিন আদালতের কাছে কিছুটা সময় চান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। আদালত তাঁকে সাতদিন সময় দিয়েছে। তবে রাজ্যের তরফে জানানো হয়, ডিম ছোড়া নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি মামলা বিচারাধীন রয়েছে। তাই মহুয়ার মামলাটির শুনানি সেখানেই হওয়া উচিত। কিন্তু আদালত জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে আগে তথ্য জানতে চায় আদালত। তারপর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।



