বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মা-বোনেদের চোখের জল মোছাতে নরেন্দ্র মোদি সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা। এর আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। গৃহস্থ যে দামে কেনে, তারচেয়ে কিছুটা সস্তায় সিলিন্ডার পান উজ্জ্বলা গ্রাহক। স্বয়ং প্রধানমন্ত্রীর সাধের এই প্রকল্পকে দ্রুত সাফল্য এনে দিতে কোমর বেঁধে নেমে পড়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বিপুল সাড়া মেলে। রাজ্যে ধাপে ধাপে প্রায় ১ কোটি ২৪ লক্ষ গ্রাহককে দেওয়া হয় এই সংযোগ। আগেই অভিযোগ ছিল, যথাযথ যাচাই না করেই উজ্জ্বলার সংযোগ দেওয়া হয়েছে বহু গ্রাহককে। কিন্তু এতদিন বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি। এখন টনক নড়েছে কেন্দ্রের! যাঁরা উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ পেয়েছেন, তাঁরা আদৌ তার যোগ্য কি না, এবার তা নিবিড়ভাবে যাচাই করা হবে। সূত্রের খবর, বিভিন্ন নথি খতিয়ে দেখে এ রাজ্যের প্রায় ১ কোটি ১০ লক্ষ গ্রাহকের ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু গোলমাল রয়েছে প্রায় ১৪ লক্ষ গ্রাহকের ক্ষেত্রে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ১৪ লক্ষ গ্রাহক উজ্জ্বলা যোজনার আওতায় আসার যোগ্য নন। এই গ্রাহকদের নথি ফের যাচাই করতে চলেছে তেল সংস্থাগুলি। যদি গ্রাহক যথাযথ নথি ও প্রমাণ দাখিল করতে না পারেন, সেক্ষেত্রে উজ্জ্বলার গ্যাস সংযোগ কেড়ে নিতে পারে কেন্দ্র।



