Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সিবিএসই’র দশমে আরামবাগের বাজিমাত, সর্বভারতীয় মেধা তালিকায় ৬ পড়ুয়া

সিবিএসই’র দশমে আরামবাগের বাজিমাত, সর্বভারতীয় মেধা তালিকায় ৬ পড়ুয়া
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, আরামবাগ: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর এবার সিবিএসই বোর্ডের পরীক্ষার ফলাফলেও নজর কাড়ল আরামবাগ। এই বোর্ডের দশম শ্রেণির সেকেন্ডারি পরীক্ষায় সর্বভারতীয়স্তরে আরামবাগের ছ’জন পড়ুয়া একই স্কুল থেকে মেধা তালিকায় জায়গা করে নিল। তারা প্রত্যেকেই আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমির ছাত্রছাত্রী। মঙ্গলবার সিবিএসসি বোর্ডের ফল প্রকাশ হতেই খুশির হাওয়া স্কুল ও মহকুমাজুড়ে। খুশি কৃতীর পরিবার সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমির ডিরেক্টর সমরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কৃতীরা অনেকেই নিয়মিত স্কুলে এসেছে। স্কুল তাদের আলাদা করে গুরুত্ব দিয়েছে। সেই কারণেই এই সাফল্য এসেছ। 

Advertisement

স্কুল সূত্রে জানা গিয়েছে, আরামবাগ শহরের প্রান্তিকপল্লির বাসিন্দা উৎসব মিত্র ৫০০ নম্বরের মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে চতুর্থস্থান অধিকার করেছে। তার বাবা প্রকাশচন্দ্র মিত্র পেশায় শিক্ষক। উৎসব বড় হয়ে চিকিৎসক হতে চায়। তার বিষয়ভিত্তিক নম্বর হল ইংরেজিতে ৯৮, বাংলায় ৯৯, অঙ্কে ১০০, সায়েন্সে ৯৯, সোশ্যাল সায়েন্সে ১০০, কম্পিউটারে ১০০। অবসর সময়ে উৎসব ক্রিকেট এবং ফুটবল খেলতে ভালোবাসে। উৎসব বলে, আমার সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদের পাশাপাশি পরিবারের সদস্যদের উৎসাহ ও অবদান রয়েছে। গৃহশিক্ষকরাও যথেষ্ট সাহায্য করেছেন। এই ফলে অমি অত্যন্ত খুশি।
অন্যদিকে, আরামবাগ শহরের বসন্তপুরের বাসিন্দা দিশা চক্রবর্তী ৫০০ নম্বরের মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে পঞ্চমস্থান অধিকার করেছে। তার বাবা শ্যামল চক্রবর্তী মারা গিয়েছেন। তার মা মহুয়া চক্রবর্তী গ্রুপ-ডি কর্মচারী। বড় হয়ে দিশার আইআইটি ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। তার বিষয় ভিত্তিক নম্বর হল ইংরেজিতে ৯৯, বাংলায় ৯৯, অঙ্কে ১০০, সোশ্যাল সায়েন্সে ৯৮, সায়েন্সে ৯৭, কম্পিউটারে ১০০। দিশা ছাড়াও ৪৯৬ নম্বর পেয়ে আরামবাগ শহরের দক্ষিণ রবীন্দ্রপল্লির বাসিন্দা আরাধ্যা রায়ও পঞ্চম স্থান অধিকার করেছে। আরাধ্যার বাবা তরুণকুমার রায় পেশায় ঠিকাদার। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় আরাধ্যা। সে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসে। এছাড়াও আরামবাগের বাসিন্দা সেমন্তী দেবনাথ এবং সৌরজা মুখোপাধ্যায় ৪৯৪ নম্বর করে পেয়ে সপ্তমস্থান অধিকার করেছে। শৌর্যা পড়াশোনার পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণ নেয়। তার সঙ্গে গান শুনতেও ভালো লাগে তার। সেমন্তী অবসর সময়ে লেখালেখি করতে ভালোবাসে। তারা বাদেও আরামবাগের বাসিন্দা সৃজনী ঘোষ ৫০০ নম্বরের মধ্যে ৪৯১ নম্বার পেয়ে দশম স্থান অধিকার করেছে। তাদের এই সাফল্যে খুশি আরামবাগ শহরবাসী। কৃতীদের মিষ্টিমুখও করান অনেকে। 
স্কুল সূত্রে জানা গিয়েছে, আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমি থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মেধা তালিকায় কেউ স্থান না পেলেও ফলাফল ভালো হয়েছে বলেই দাবি। উল্লেখ্য, রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরামবাগ মহকুমা থেকে একাধিক পড়ুয়া মেধা তালিকায় স্থান পেয়েছে। এবার সিবিএসই বোর্ডের পরীক্ষাতেও কৃতীদের সাফল্যে আরামবাগের নাম উজ্জ্বল হয়েছে বলেই শিক্ষা মহল মনে করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ