সংবাদদাতা, আরামবাগ: রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। নতুন সরকারের কাছে রয়েছে আরামবাগবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা। তার মধ্যে অন্যতম হল আরামবাগ শহরে থাকা রবীন্দ্র ভবন সংস্কার। সংস্কৃতিমনস্ক শহরবাসীর মনে এই রবীন্দ্র ভবনকে ঘিরে রয়েছে একটা আলাদা আবেগ। পালা বদলের পর বহু বছর ধরে অবহেলিত এই রবীন্দ্র ভবনের সংস্কার করার পুনরায় দাবি উঠেছে। বর্তমানে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রবীন্দ্রভবন বেহাল হয়ে পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণ না করায় লাইটিং, সাউন্ড, শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন ঠিকমতো কাজ করছে না। ফলে এই ভবনে অনুষ্ঠান পরিবেশন করার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার আরামবাগ পুরসভায় জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। শুধুই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা এবং সংস্কৃতিপ্রেমী মানুষজন চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে এই ভবনটির সংস্কার করে অনুষ্ঠান পরিবেশনের উপযুক্ত করে তোলার দাবি জানিয়েছেন।
আরামবাগের বর্তমান বিজেপি বিধায়ক হেমন্ত বাগ বলেন, ক্ষমতায় আসার আগে আমাদের সরকারের তরফে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সবই ধীরে ধীরে পূরণ করা হবে। তৃণমূলের আমলে বহুবার আবেদন নিবেদন সত্ত্বেও এই ভবনের সংস্কার করা হয়নি। আমরা খুব শীঘ্রই এই ভবন ঢেলে সাজাব।
আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, আমি চেয়ারম্যান পদে বসার পর থেকেই রবীন্দ্রভবনের উন্নয়নের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু, কোনো লাভ হয়নি। এই বিষয়টি নিয়ে আবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৯৯৯ সালে আরামবাগে দ্বিতল এই রবীন্দ্রভবন তৈরি করা হয়। ওই বছরের ২০ মার্চ ভবনের উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। রবীন্দ্রভবনে প্রায় ৯০০ আসন রয়েছে। নৃত্য, নাটক, যাত্রার পাশাপাশি সভা করার জন্য নানা অত্যাধুনিক লাইট ও সাউন্ড সিস্টেম লাগানো হয়। দর্শকরা সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাটক, যাত্রা, আরামের সঙ্গে দেখতেন। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে রয়েছে রবীন্দ্রভবন।
বর্তমানে রবীন্দ্রভবনে লাইটিং ব্যবস্থা খুব একটা ভালো নেই। সাউন্ড সিস্টেম ঠিকঠাক নেই। বসার চেয়ার ভেঙে গিয়েছে। শীতাতপ মেশিন ভবন ঠান্ডা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। শৌচাগারের অবস্থাও বেহাল। স্থানীয় বাসিন্দা তথা বাচিকশিল্পী মেরিনা মণ্ডল বলেন, আগে অনুষ্ঠান করার জন্য রবীন্দ্রভবন আদর্শ জায়গা ছিল। কিন্তু, বর্তমানে দেখভাল না করায় ভবনে অনুষ্ঠান করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই ভবনে স্কুল, কলেজ, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দলগুলি তাদের অনুষ্ঠান করে। ফলে এই ভবনের গুরুত্ব অত্যাধিক। কিন্তু, তা সত্ত্বেও রবীন্দ্রভবন সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।