নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড় দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসের বাইরে আরাবুল ইসলামের নামের ফলক ভেঙে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। পাশাপাশি আরাবুলের ঘরের চেয়ার-টেবিলও ভাঙচুর হয়েছে বলে খবর। এর আগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের চিঠি জমা পড়েছিল এসডিও অফিসে। আরাবুল ইসলাম ভাঙচুরের ঘটনা পুলিশকে জানান। পরে ফের নতুন করে নাম ফলক লাগানো হয়। আরাবুল জানান, বিধানসভা নির্বাচনে আইএসএফের প্রার্থী নৌশাদ সিদ্দিকিকে জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ঘটকপুকুর বাজারে নিজের বাড়িতে দলের নির্বাচনি কার্যালয় খুলে দিয়েছিলেন। তারপরও তাঁর সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। আইএসএফের জেলা পরিষদের সদস্য রাইনুর হক বলেন, ‘দুষ্কৃতীরা এইসব করেছে আর দোষ চাপানো হচ্ছে আমাদের দলের বিরুদ্ধে।’



