Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

সেবা সেতু ক্যাম্পে আবেদন বেশি বার্ধক্য ভাতা ও জব কার্ডের

প্রচণ্ড গরম, তীব্র রোদ, তাপপ্রবাহের মতো পরিস্থিতি। সবকিছু উপেক্ষা করেই সরকারের জনকল্যাণমূলক পরিষেবা পাওয়ার আশায় সেবা সেতু ক্যাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ

সেবা সেতু ক্যাম্পে আবেদন বেশি বার্ধক্য ভাতা ও জব কার্ডের
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: প্রচণ্ড গরম, তীব্র রোদ, তাপপ্রবাহের মতো পরিস্থিতি। সবকিছু উপেক্ষা করেই সরকারের জনকল্যাণমূলক পরিষেবা পাওয়ার আশায় সেবা সেতু ক্যাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ। কৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় আয়োজিত সেবা সেতু অভিযান ক্যাম্পের তৃতীয় দিনেও দেখা গেল মানুষের ব্যাপক সাড়া। যদিও শিবিরে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছিল, তবে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা গেল মূলত জব কার্ড এবং বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য। ভিড় ছিল আয়ুষ্মান কার্ডের প্রকল্পের লাইনেও।

Advertisement

সকাল থেকেই শিবিরগুলিতে ভিড় বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তবুও বহু প্রবীণ নাগরিক, বৃদ্ধ-বৃদ্ধা এবং সাধারন মানুষরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নিজেদের আবেদনপত্র জমা দেন। সরকারি প্রকল্পে নিজেদের সুবিধার কথা ভেবেই প্রকল্পের সুযোগ হাতছাড়া করতে সাধারণ মানুষ একেবারেই নারাজ।
শিবিরে আসা নাগরিকরা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্য খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের কাছে এই ধরনের সরকারি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি সাহার্য্য যতটাই পাওয়া যাবে সেটি কিছু মানুষের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও এই শিবিরে অন্নপূর্ণা পরিষেবা নেই, তবুও অন্নপূর্ণা ও বার্ধক্য ভাতার মতো পরিষেবাগুলো অনেক মানুষের সংসার চালাতে খুবই সাহায্য করবে। স্বাস্থ্য পরিষেবার জন্য আয়ুষ্মান কার্ড অনেক গরিব মানুষের কাছে কতটা দরকার, যাঁর প্রয়োজন পড়েছে সেই জানতে পারবে।
তাই গরম ও দীর্ঘক্ষণ লাইন দাঁড়াতে হলেও সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার আশায় সেবা সেতু  অভিযান ক্যাম্প গুলোতে ভিড় করছেন।
শিবিরে আসা এক ৬৭ বছরের বৃদ্ধা সবিতা বিশ্বাস বলেন, বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে এসেছি। এই টাকা পেলে আমার অনেক উপকার হবে। ওই টাকা দিয়ে ওষুধ কিনতে পারব, খাওয়া-দাওয়ার খরচেরও কিছুটা ব্যবস্থা হবে। বয়স হয়েছে, কাজ করার ক্ষমতা আর নেই। তাই এত গরমের মধ্যেও কষ্ট করে এখানে এসেছি। 
আর এক আবেদনকারী অনিমা দুর্লভ বলেন, অনেকক্ষণ ধরে গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি।আমরা গরিব মানুষ। জব কার্ড হলে পরিবারের মানুষজন কাজের সুযোগ পাব, যা সংসারের খরচ চালাতে আমাদের মতো সাধারণ মানুষের সুবিধা হবে। তাই কষ্ট হলেও আবেদন করতে এসেছি।”
প্রবল গরম ও দীর্ঘ লাইনের ভোগান্তি উপেক্ষা করেও সরকারি পরিষেবার আশায় সেবা সেতু শিবিরে মানুষের এই ভিড় একদিকে যেমন প্রয়োজনের কথা তুলে ধরছে, তেমনই সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির প্রতি সাধারণ মানুষের নির্ভরতাও স্পষ্ট করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ