নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে এবার চালু হচ্ছে অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা। অর্থাৎ, কাউকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স বুক করা যাবে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। স্বাস্থ্য দপ্তর এই অ্যাপ নিয়ে আসতে চলেছে এবং এই পরিষেবা আপাতত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় চালু হবে বলে সোমবার বিধানসভায় জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। সরকারে এসেই অ্যাম্বুলেন্স ক্ষেত্রে দালালরাজ ভাঙার লক্ষ্যে নির্দিষ্ট ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই স্বাস্থ্য সংক্রান্ত বাজেট আলোচনায় এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এই উদ্যোগ জরুরি চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ভাবে কার্যকরী হবে।’ কারণ, তাঁর মতে, এর জেরে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য অনায্য ভাড়া চাওয়া যেমন বন্ধ হবে, তেমনই জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে অ্যাম্বুলেন্সের অবস্থানও জানা যাবে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের ১০ শতাংশ শয্যা গরিব-দুঃস্থ রোগীর জন্য সংরক্ষিত থাকবে, সে কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীদের জন্যই তা বরাদ্দ থাকবে।
কিন্তু, কী ভাবে অ্যাপ ব্যবহার করে বুক করা যাবে অ্যাম্বুলেন্স? স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে অ্যাপের মাধ্যমে গাড়ি-বাইকের মতোই অ্যাম্বুলেন্স বুক করা যাবে। তবে এই ক্ষেত্রে কোনো বেসরকারি সংস্থা যুক্ত থাকছে না। রাজ্যের নির্দিষ্ট অ্যাপ থাকবে। যেখানে নির্দিষ্ট কিলোমিটারের জন্য ভাড়া নির্ধারিত থাকবে। অ্যাডভান্স লাইফ সাপোর্ট, বেসিক লাইফ সাপোর্ট সহ নানা ধরনের অ্যাম্বুলেন্স রয়েছে। কোন ধরনের অ্যাম্বুলেন্স প্রয়োজন, তাও বেছে নেওয়া যাবে অ্যাপের মাধ্যমেই। রাজ্যের সমস্ত রেজিস্টার্ড অ্যাম্বুলেন্সই থাকবে এই অ্যাপের আওতায়। অর্থাৎ, একদিকে যেমন এই অ্যাপ ছাড়া অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, অন্যদিকে রেজিস্টার্ড নয় এমন অ্যাম্বুলেন্স চলাও ঠেকানো যাবে।
এদিন মোট ২৪ হাজার ৭৫৪ কোটি টাকার স্বাস্থ্য বাজেট পেশ করেন ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। যার মধ্যে ১০,৯৬২ কোটি টাকা প্রশাসনিক খাতে এবং ১৩,৭৯২ কোটি টাকা পরিকাঠামা উন্নয়নে ব্যবহার করা হবে। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী প্রকল্পে রাজ্যের প্রায় ৭ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরে যাঁরা থাকবেন, তাঁরা ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র মাধ্যমে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পাবেন বলেও এদিন বিধানসভায় ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী।