নয়াদিল্লি: ফের বিপাকে দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। তাঁর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সত্যেন্দ্রর বিরুদ্ধে একটি আর্থিক তছরুপের মামলা রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণও জোগাড় করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই যুক্তিতেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২১৮ নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতির অনুমতি চাওয়া হয়েছে। ২০১৭ সালে সিবিআইয়ের একটি দুর্নীতি মামলায় নাম জড়ায় সত্যেন্দ্রর। ২০১৮ সালে এই মামলায় একটি চার্জশিট দাখিল করে সিবিআই। সেখানে বলা হয়, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সত্যেন্দ্রর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪৭ লক্ষ টাকা। যা তাঁর আয়ের থেকে প্রায় ২১৭ শতাংশ বেশি। পরে এই মামলায় আর্থিক তছরুপ নিয়ে তদন্তে নামে ইডি। ২০২২ সালের মে মাসে গ্রেপ্তার করা হয় আপ নেতাকে। বর্তমানে জামিনে জেলের বাইরে রয়েছেন তিনি।



