Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিরাপত্তা প্রত্যাহারের পর বেসরকারি নিরাপত্তারক্ষীর খোঁজ করছেন অনুব্রত মন্ডল

বীরভূমের তৃণমূলের প্রভাবশালী নেতা তথা জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়ে ফের বড় পরিবর্তন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে নিরাপত্তা কমানোর পর এবার তাঁর জন্য থাকা রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই প্রত্যাহার করা হয়েছে।

নিরাপত্তা প্রত্যাহারের পর বেসরকারি নিরাপত্তারক্ষীর খোঁজ করছেন অনুব্রত মন্ডল
  • ২৯ মে, ২০২৬ ১১:০৫

সংবাদদাতা, বোলপুর: বীরভূমের তৃণমূলের প্রভাবশালী নেতা তথা জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়ে ফের বড় পরিবর্তন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে নিরাপত্তা কমানোর পর এবার তাঁর জন্য থাকা রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই প্রত্যাহার করা হয়েছে। ফলে বর্তমানে রাজ্য পুলিশের কোনও নিরাপত্তা আর পাচ্ছেন না অনুব্রত মণ্ডল।
এর আগে তাঁর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। পরে সর্বক্ষণের জন্য এক জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়। তবে বৃহস্পতিবার রাত্রি থেকে সেই ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তা প্রত্যাহারের পর অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে তাঁর ঘনিষ্ঠ মহলে। সূত্রের খবর, বর্তমানে তাঁর জন্য বেসরকারি নিরাপত্তারক্ষীর খোঁজ চালানো হচ্ছে। যদিও এই বিষয়ে অনুব্রত মণ্ডলের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন এনেছে রাজ্য প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মঙ্গলবার রাত থেকেই তাঁদের নিরাপত্তায় একাধিক কাটছাঁট করা হয়। তুলে নেওয়া হয় পাইলট, এস্কর্ট ও হাউস গার্ডের ব্যবস্থা। তৃণমূলের বীরভূম কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। তাঁর বাড়িতেও মোতায়েন ছিল হাউস গার্ড। তবে নতুন নির্দেশ জারির পর তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকার জন্য রাখা হয় মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। পাশাপাশি পাইলট ও এস্কর্টের ব্যবস্থাও প্রত্যাহার করা হয়। একইভাবে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছিল। তাঁর সঙ্গে থাকা পাইলট, এস্কর্ট ও হাউস গার্ডও তুলে নেওয়া হয়।

Advertisement

 

সম্পর্কিত সংবাদ