Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জয় আন্দুলের একাদশের ছাত্রীর

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জয় আন্দুলের একাদশের ছাত্রীর
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ২৬ তম বঙ্গভূমি কাপ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক আন্দুলের উর্মিশা দাসের। গত ১২ জানুয়ারি মধ্যমগ্রামে আয়োজিত এই প্রতিযোগিতায় দু’টি বিভাগেই সোনা জিতেছে সে। ক্যারাটের স্বপ্নে ভর করেই আগামী দিনে বাংলা ও দেশকে প্রতিনিধিত্ব করতে চায় একাদশ শ্রেণির এই ছাত্রী।
Advertisement
হাওড়ার আন্দুলের খটিরবাজার সর্দারপাড়ার উর্মিশা আট বছর বয়স থেকেই স্থানীয় এক প্রশিক্ষকের কাছে ক্যারাটে শিখছে। সে বর্তমানে বেগড়ি হাইস্কুলের একাদশ শ্রেণিতে পড়ে। এই খেলায় ইতিমধ্যেই ব্ল্যাক বেল্ট পেয়েছে সে। বেশ কিছু প্রতিযোগিতায় একাধিক পদকও জয় করেছে উর্মিশা। মধ্যমগ্রামের স্কাউট গার্ডেনে ২৬ তম বঙ্গভূমি কাপের আয়োজন করেছিল জেটিকান শিটর‍্যু ক্যারাটে ডু নামের একটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালয়েশিয়ার মোট ৬০৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এতে। অনূর্ধ্ব সতেরোর ‘কাতা’ ও ‘কমি’— এই দুই বিভাগে অন্যান্যদের পিছনে ফেলে প্রথম হয়ে জোড়া স্বর্ণপদক জিতেছে উর্মিশা। পাশাপাশি দাশনগর চপলাদেবী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কাজি সম্প্রীতিও ‘কাতা’ ও ‘কমি’ বিভাগে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।
উর্মিশার প্রশিক্ষক পূজা প্রামাণিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই ও আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। এখন আবার বিচারকের ভূমিকাও পালন করে বেশ কিছু প্রতিযোগিতায়। ও আরও এগিয়ে যাক।’ 
উর্মিশার বাবা অরবিন্দ দাস বাঁকড়া বাজারে থান কাপড়ের ব্যবসা করেন। তিনি বলেন, ‘মেয়ে যেন একদিন দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। ওকে দেখে সাধারণ ঘর থেকে আরও মেয়েরা এগিয়ে আসুক।’
Advertisement
সম্পর্কিত সংবাদ