নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-কোলাইয়ের জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই’য়ের ক্ষেত্রে প্রচলিত অ্যান্টিবায়োটিকের প্রায় ৬০ শতাংশ কাজ করছে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর জন্য দায়ী বলে দেখা গিয়েছে। এক গবেষণাপত্রে এই চাঞ্চল্যকর দাবি করেন নেওটিয়া ইউনিভার্সিটির গবেষকরা।
ডঃ পৌলমী চক্রবর্তী, ডঃ প্রসূন ত্রিবেদী, ডঃ পম্পি মজুমদার সহ অন্যান্য গবেষক পরিচালিত এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত এলসিভিয়ার গোষ্ঠীর ‘দ্য মাইক্রব’ শীর্ষক জার্নালে। সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক এবং দি নেওটিয়া ইউনির্ভাসিটি’র বায়োটেকনোলজি বিভাগ যৌথভাবে এই গবেষণাটিতে সাহায্য করেছেন। ২২ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত ৬ হাজার ৩৯০টি নমুনা নিয়ে কাজ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা।
দেখা গিয়েছে, ই-কোলাই সংক্রমণে ইউটিআই হলে ওষুধ হিসেবে সিপ্রোফ্লক্সাসিন এবং নরফ্লক্সাসিনের মতো অ্যান্টিবায়োটিক ৬০ শতাংশেরও বেশি ক্ষেত্রে কাজেই আসছে না। প্রথম ধরনের অ্যান্টিবায়োটিকটি ৬৫.৭৫ শতাংশ ক্ষেত্রে রেজিস্ট্যান্ট। দ্বিতীয়টি রেজিস্ট্যান্ট ৬০.৫১ শতাংশ ক্ষেত্রে। এমনকী তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের মতো অ্যান্টিবায়োটিকও কাজে আসছে না বহু সময়। এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।