আজ কলকাতায় বাম ছাত্রদের মিছিল পোস্টারে ‘অ্যান্টি জ্ঞানেশ স্কোয়াড’
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার দিনভর উত্তাল হয় দিল্লির রাজপথ। আজ, রবিবার একই দাবিতে পথে নামছে ছাত্ররা। দুপুর আড়াইটের সময় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বাম ছাত্রসংগঠন ও অন্যান্য ছাত্রসমাজ। বিভিন্ন প্রচার পোস্টারে ‘অ্যান্টি জ্ঞানেশ স্কোয়াড’ বলে লেখা রয়েছে। উদ্যোক্তারা বড়ো মাপের জমায়েতের দাবি করেছেন। এর আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে এই একই রাস্তায় বিরাট সংখ্যক জনসমাগম দেখা গিয়েছিল। রবিবারও সেরকমই জনসমাগম হবে বলে অনুমান।

Advertisement

ইতিমধ্যেই বিভিন্ন পোস্টার, রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। সব পোস্টার-রিলে দেখা যাচ্ছে, মিছিলের ডাক দিয়েছে ‘অ্যান্টি জ্ঞানেশ স্কোয়াড’। যেখানে বলা হচ্ছে, কলকাতা এবার তোমার সময় এসেছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্ব ‘অ্যান্টি জ্ঞানেশ স্কোয়াড’ পোস্টার-রিল ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। জানা গিয়েছে, ‘যন্তর মন্তর জিতবেই’, ‘জ্ঞানেশ কুমারের অপসারণ চাই’ ইত্যাদি স্লোগান লেখা পোস্টার-প্ল্যাকার্ড থাকবে। সংগঠনের পতাকা যেমন থাকবে মিছিলে, তেমনই থাকবে ভারতের জাতীয় পতাকা। ককরোচ জনতা পার্টি কি এই মিছিলে অংশ নিচ্ছে? এক বাম ছাত্র নেতা জানালেন, এখানে সকলেই যোগ দিতে পারে। আমরা সকলকে এই মিছিলে যোগ দিতে আহ্বান জানিয়েছি। তবে আলাদা করে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি কাউকে বলে খবর। শনিবার সন্ধ্যা নাগাদ ককরোচ পার্টির কলকাতার নেতৃত্ব জানিয়েছিলেন, যেহেতু এখনও পর্যন্ত কারও সঙ্গে যোগাযোগ করে ওঠা হয়নি, তাই রাত পর্যন্ত মিছিলে থাকা নিয়ে সিদ্ধান্ত হয়নি। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘দিল্লিতে যা হয়েছে, আমাদের ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও মিছিল থেকে আওয়াজ তুলব, বিজেপি ভারত ছাড়ো।’  
অন্যদিকে, এদিন এসআইআর বিরোধী একটি কনভেনশে মৌলালি যুব কেন্দ্রে আসার কথা প্রশান্ত ভূষন, যোগেন্দ্র যাদব, সৌগত রায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও অনেকে।