Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার আরও এক অধ্যাপক, যুক্ত এনটিএ কমিটিতে

নিটের প্রশ্নফাঁসের ঘটনায় জারি ধরপাকড়। নাসিকে ধৃত আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনারের কাছ থেকে ইনপুট পেয়ে শুক্রবার  পুনে থেকে প্রশ্নফাঁস চক্রের কিংপিন পি ভি কুলকার্নিকে গ্রেপ্তার করে সিবিআই।

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার আরও এক অধ্যাপক, যুক্ত এনটিএ কমিটিতে
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিটের প্রশ্নফাঁসের ঘটনায় জারি ধরপাকড়। নাসিকে ধৃত আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনারের কাছ থেকে ইনপুট পেয়ে শুক্রবার  পুনে থেকে প্রশ্নফাঁস চক্রের কিংপিন পি ভি কুলকার্নিকে গ্রেপ্তার করে সিবিআই। রসায়নের এই অধ্যাপককে জেরা করতেই বেরিয়ে আসে আর এক চক্রীর নাম। সেইমতো শনিবার পাকড়াও করা হল মনীষা মানধারে নামে উদ্ভিদবিদ‌্যার এক অধ্যাপককে। এদিন দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র প্রশ্নপত্র তৈরির কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এনিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৯ জন।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, পুনের মডার্ন কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সের উদ্ভিদবিদ্যার এই অধ্যাপকের গত পাঁচ-ছয় বছর ধরে নিটের প্রশ্নপত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সম্প্রতি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার একাধিক প্রশ্ন ফাঁস করেছেন অভিযুক্ত। এখানেই শেষ নয়। পুনেতে গোপনে কোচিং ক্লাসও করিয়েছিলেন। তাঁর সহযোগী ছিলেন মনীষা ওয়াঘমারে। ইতিমধ্যে ওয়াঘমারেকেও গ্রেপ্তার করা হয়েছে। একইরকম ‘দুর্নীতির পাঠশালা’ চালিয়েছিলেন কিংপিন পি ভি কুলকার্নিও। এপ্রিল থেকেই অপারেশন শুরু হয়ে যায়। বাড়িতে গোপনে নিটের কোচিং চালাতেন। মুখে মুখে প্রশ্নগুলি বলতেন কুলকার্নি আর তা খাতায় লিখে নিত পড়ুয়ারা। তবে প্রশ্নপত্রের কোনো ডিজিটাল কপি দেওয়া হত না। 
প্রশ্নপত্র ফাঁসের পর পড়ুয়া আত্মহত্যার বিষয়টিও ক্রমে চিন্তা বাড়াচ্ছে। এবার রাজস্থানে আত্মহত্যা করলেন এক পড়ুয়া। প্রদীপ মেঘওয়াল নামে রাজস্থানের কনিকা কি ধানি গ্রামের এই ছাত্র গত তিন বছর ধরে সিকরের এক কোচিং ইনস্টিটিউটে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তাঁর দুই বোনও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার বিকেলে বোনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগান তিনি। পরিবারের দাবি, পরীক্ষা নিয়ে খুব আশাবাদী ছিল প্রদীপ। বাড়িতে জানিয়েছিলেন, এবার ৬৫০ নম্বর পাবেন। প্রশ্নফাঁসের পর পরীক্ষা বাতিল হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। 
প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে হাত শিবির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত। মোদি সরকারের আমলে ‘অমৃত কাল’ পড়ুয়াদের জন্য ‘মৃতকাল’ হয়ে উঠেছে। ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিকে ব্যঙ্গ করে তাঁর কটাক্ষ— এবার মোদিজির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের উপর চর্চা করা উচিত। সরব হয়েছে ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট (ইউডিএফ)। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সংগঠনের দাবি, এনটিএ-কে সরিয়ে একটি স্বাধীন পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ