এমাসের শেষদিকেই বঙ্গোপসাগরে  ফের নিম্নচাপ, প্রভাব নিয়ে ধোঁয়াশা
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো মিটে যাওয়ার পর, অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোনদিকে আসবে, তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে তা নির্দিষ্ট করা হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস প্রদানের একটি মডেল অবশ্য বলেছে, এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আসতে পারে ওড়িশা উপকূলের দিকে। অক্টোবর মাস যেহেতু ঘূর্ণিঝড়প্রবণ, তাই এইসময় বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হলেই আবহাওয়া দপ্তর তার উপর বিশেষ নজর রাখে।

Advertisement

পুজোর শুরুতেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বর্ষা মরশুম বিদায়ের পরেও যে মাঝে মাঝে কিছুটা বৃষ্টি হচ্ছে তার পিছনেও বঙ্গোপসাগরের একটি সিস্টেমের প্রভাব আছে। তামিলনাড়ু-শ্রীলঙ্কা লাগোয়া কমোরিন এলাকায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করে কোথাও কোথাও বৃষ্টির মেঘ তৈরি হয়েছে। 
বৃহস্পতিবার পঞ্চমীতেও কিছু জায়গায় মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিও হয়েছে যথারীতি। আজ শুক্রবার ষষ্ঠীর দিন এবং আগামীকাল সপ্তমীতে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের অন্য কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল সপ্তমীতে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার দ্বিতীয় সপ্তমীর দিন থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এটা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় এবং দক্ষিণ ভারতে দ্বিতীয় পর্যায়ে বর্ষাকালের সূচনার ক্ষণ। এইসময় সমুদ্রে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটির শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা বেশি থাকে। এবার পুজোর মুখে যে নিম্নচাপটি তৈরি হচ্ছিল, দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শুরু হওয়ার কারণে সেটি তেমন দানা বাঁধতে পারেনি। বেশি বৃষ্টি এখন দক্ষিণ ভারতেই হচ্ছে। পরবর্তী নিম্নচাপটির গতিপ্রকৃতি কী হয়, তার দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।