নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: সিকিমে ফের ধসে চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিকিমের নামচি জেলার নামথামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসে বিধ্বস্ত রাস্তা মেরামত শুরু করে স্থানীয় প্রশাসন। এজন্য স্থানীয় শ্রমিকদের কাজে লাগানো হয়। দুপুরে রাস্তা সংস্কারের কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে ফের ধস নামে। চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। চার শ্রমিক জখম হন। যার মধ্যে দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং বলেন, ঘটনাটি দুঃখজনক। ধসে নিহতদের পরিবার ও আহতদের পাশে রয়েছে সরকার। দু’দিন আগেই সিকিমে এনএইচপিসি’র একটি ট্যানেলে ধসে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনার জেরা কাটতে না কাটতে এদিন ফের নির্মীয়মাণ রাস্তায় ধস নামে। এনিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এর বাইরে ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইলে রাস্তা বন্ধ রয়েছে। অন্যদিকে, মংপুতে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন পর্যটক দম্পতি। দুর্গাপুরে তাঁদের বাড়ি। তাঁদের নাম তন্ময় বাগচি ও তাঁর স্ত্রী রীতা বাগচি। এদিন তাঁরা শিলিগুড়ি থেকে স্কুটারে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হন। মংপুর গিরিগোলায় স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ওই দম্পতি জখম হন। তাদের হাসপাতালে ভরতি করা হয়।



