Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটি নিয়ে জট কাটাতে ফের জরুরি বৈঠক, ডায়মন্ডহারবার থানা এবং ভূমিদপ্তরে চিঠি

কুমোরটুলিতে মাটির সংকট নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পুজোর প্রতিমা তৈরিতে সমস্যা হবে। বিস্তারিত পড়ুন।

মাটি নিয়ে জট কাটাতে ফের জরুরি বৈঠক, ডায়মন্ডহারবার থানা এবং ভূমিদপ্তরে চিঠি
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিমা তৈরির মাটি নিয়ে জট কাটাতে মঙ্গলবার ফের জরুরি বৈঠকে বসল কুমোরটুলির মৃৎশিল্পী সংগঠনের কর্তারা। সেখানে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। পাশাপাশি বেশ কিছু মৃৎশিল্পী উদ্বেগের কথা জানিয়ে তাঁদের মতামত জানান। সমিতির কর্তাদের বক্তব্য, ‘পরিস্থিতি যা, তাতে এই অবস্থা চলতে থাকলে এবার পুজোয় প্রতিমা তৈরির বায়না নেওয়াই সম্ভব নয়। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের।’ এদিকে বছরের পর বছর ধরে কুমোরটুলির প্রতিমা তৈরির মাটি এসে থাকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, ফলতা, রায়চক, বিষ্ণুপুর ও ক্যানিং থেকে। কিন্তু বেশ কিছুদিন তা বন্ধ হয়ে যায়। আর তা নিয়েই সমস্যায় পড়েন মৃৎশিল্পীরা। কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতির সাধারণ সম্পাদক বাবু পাল মঙ্গলবার বলেন, ‘বিষয়টি নিয়ে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানা ও সংশ্লিষ্ট ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে গিয়ে চিঠি দেওয়া হয়। চিঠির প্রতিলিপি পাঠানো হয় ফলতা ও পারুলিয়া কোস্টাল থানাতেও। সংশ্লিষ্ট থানা এবং ভূমি ও ভূমিসংস্কার দপ্তর এই বিষয়ে প্রশাসনের উচ্চ মহলের সঙ্গে কথা বলবে বলে জানায় কুমোরটুলির সমিতির কর্মকর্তাদের।’ নয় সদস্যের একটি প্রতিনিধি দল বলে, ‘আমরা অত্যন্ত আশাবাদী। আশা করছি শীঘ্রই বিষয়টি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন পদক্ষেপ করবে। তারা এবিষয়ে আগামী দিনে কী পদক্ষেপ করে তার জন্য আমরা অপেক্ষা করছি।’

Advertisement

এদিকে এই পরিস্থিতিতে কুমোরটুলির স্বাভাবিক কাজকর্মে অনেকটাই ছেদ পড়েছে। এদিন পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকায় ঘুরে দেখা যায়, সেখানে বিভিন্ন শিল্পীর ঘরে মাটির অভাবে কাজকর্ম বন্ধ রয়েছে। মৃৎশিল্পীদের একাংশ বলেন, ‘বিভিন্ন প্রতিমা শিল্পীর ঘরে যেটুকু মাটি কেনা ছিল তা দিয়ে কোনোভাবে কাজ চলছে। যে সমস্ত শিল্পীর ঘরে মাটি শেষ হয়ে গিয়েছে সেখানে এখন কাজ বন্ধ রয়েছে।’ এদিন বনমালী সরকার স্ট্রিট, কুমোরটুলি স্ট্রিট, রবীন্দ্র সরণি সহ পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে একই ছবি চোখে পড়ে। শিল্পী রাজা পাল, সমর পাল, বরুণ পাল, সমর পালদের বক্তব্য, দীর্ঘ দশদিনের বেশি সময় ধরে প্রতিমার বায়না বন্ধ রয়েছে। ধীর গতিতে চলছে প্রতিদিনের কাজকর্ম। অনেকেই আসছেন নানা প্রতিমার বায়না দিতে। কিন্তু আমরা তাঁদের জানিয়ে দিচ্ছি, মাটি না আসা পর্যন্ত বায়না নেওয়া সম্ভব নয়। সবমিলিয়ে কুমোরটুলির পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটাই এখন দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ