Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হর্নে বিরক্ত হয়ে চালককে টেনে রাস্তায় ফেলল সাইকেল আরোহী

মানুষ যে কতটা অসহিষ্ণু হয়ে উঠছে, শ্যামনগরের ব্যানার্জি পাড়ার একটি ঘটনা নতুন করে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

হর্নে বিরক্ত হয়ে চালককে টেনে  রাস্তায় ফেলল সাইকেল আরোহী
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মানুষ যে কতটা অসহিষ্ণু হয়ে উঠছে, শ্যামনগরের ব্যানার্জি পাড়ার একটি ঘটনা নতুন করে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সোমবার রাতে এক টোটোচালক ‘সাইড’ চেয়ে হর্ন দিতে থাকায় অসন্তুষ্ট এক সাইকেল আরোহী তাঁকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দেয়। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োও তেমনই দেখা গিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। সেখানে দেখা যায়, ঘোষপাড়া রোডের উপর সাইকেলটি দাঁড় করিয়ে সেই ব্যক্তি টোটো চালকের পা ধরে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। জখম হন টোটো চালক। ঘটনার সময় টোটো পিছনের আসনে বসেছিলেন এক মহিলা। চালককে টেনে রাস্তায় ফেলে দেওয়ায় নিয়ন্ত্রণ হারানো টোটোটি একটি দেওয়ালে ধাক্কা দিয়ে উলটে যায়। আহত হন মহিলা যাত্রী। নিজে আহত হলেও, টোটো ও মহিলা যাত্রীকে বাঁচানোর চেষ্টা করেন চালক। আশপাশের লোকজন সাহায্যের জন্য এগিয়ে এলে বেগতিক বুঝে চম্পট দেয় ‘বীরপুঙ্গব’ সাইকেল চালক। ঘটনার সময় স্থানীয় একটি দোকানে থাকা এক ব্যক্তি গোটা পর্বটি মোবাইলবন্দি করেছিলেন। সেই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করা মাত্রই  সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইয়ে দেন নেটিজেনরা। বিষয়টি পুলিশকর্তাদের নজরে পড়েছে। জগদ্দল থানার পক্ষ থেকে এনিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকাল পর্যন্ত টোটো চালক ও অভিযুক্ত সাইকেল চালকের হদিশ মেলেনি।  ছবি: সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ