• পাঁচটি ভিন্ন স্বাদের পূর্ণদৈর্ঘ্যের ছবির পোস্টার মুক্তি পেল। এই কনটেন্ট নির্ভর ছবিগুলির হাত ধরে আত্মপ্রকাশ করছে নতুন প্রযোজনা সংস্থা ‘অ্যাম্পল ড্রিমস ডেভেলপার্স’। প্রযোজক ডঃ অমিত কুমার সিনহা। পোস্টার লঞ্চে সকলের নজর কাড়ে দীপ মাইতি পরিচালিত ডার্ক ক্রাইম ‘স্লেয়ার’। অ্যাকশন ও সাসপেন্সে মোড়া এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন আরিয়ান ভৌমিক, শুভঙ্কী ধর, সুপ্রিয় দত্ত, সৌরভ ভট্টাচার্য সহ আরও অনেকে। ছবির শ্যুটিং শেষ। এছাড়াও আগামী মাসে বড়োপর্দায় মুক্তি পেতে চলেছে এই প্রযোজনা সংস্থার ছবি ‘কেয়ার অব আ জার্নি’। অভিনয়ে বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক। আরও দু’টি ছবির শ্যুটিংও শেষ হয়েছে। প্রথমটি রত্নাকর কর্মকারের সাসপেন্স ড্রামা ‘তুমি এলে তাই’। অভিনয়ে মৈনাক বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও বিশ্বনাথ বসু। দ্বিতীয়টি অরিজিৎ দের পরিচালনায় মানবিক সম্পর্কের ছবি ‘এক তারা’ অভিনয়ে ওম সাহানি ও রায়তি ভট্টাচার্য। ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসন্ন ছবি ‘হাবুল’ নিয়েও চর্চা শুরু হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ইভান সিনহা। তবে নায়িকার ভূমিকায় কে থাকছেন, তা স্পষ্ট নয়। খুব শীঘ্রই ফ্লোরে যাবে ছবিটি।



