Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণার প্রতিশ্রুতিই বিজেপির গলার কাঁটা, জেলায় জেলায় বিক্ষোভ, এসডিও অফিসে ভাঙচুর

ক্ষুব্ধ অন্নপূর্ণারা! বিজেপি সরকারের প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ক্ষোভ উগরে দিলেন মহিলারা।

অন্নপূর্ণার প্রতিশ্রুতিই বিজেপির গলার কাঁটা, জেলায় জেলায় বিক্ষোভ, এসডিও অফিসে ভাঙচুর
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ক্ষুব্ধ অন্নপূর্ণারা! বিজেপি সরকারের প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ক্ষোভ উগরে দিলেন মহিলারা। কোথাও হল জাতীয় সড়ক অবরোধ। কোথাও চলল ভাঙচুর। ডবল ইঞ্জিন সরকারের একশো দিন পেরিয়ে গেলেও অন্নপূর্ণার কানাকড়িও পাননি বহু মহিলা। ফলস্বরূপ লক্ষ্মীবারেই রণংদেহী মেজাজে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁরা। 

Advertisement

অন্নপূর্ণার টাকার দাবিতে বালুরঘাট এসডিও অফিসে ব্যাপক বিক্ষোভ চলে। অভিযোগ, মহিলারা এসডিও অফিসের ভেতরে ঢুকে পড়েন। এসডিও অফিসের নামফলক ভাঙচুর করা হয়। দরজায় লাথি মেরে বিভিন্ন সামগ্রী লন্ডভন্ড করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মহিলারা। পরে ডিএম অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত মহিলারা। পুলিশি হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু দরিদ্র পরিবার অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছে। 
মহিলাদের দাবি, টাকা না পাওয়ার কারণ জানতে এসডিও অফিসে আসেন অনেকে। সেসময় এক আধিকারিক কয়েকজন মহিলার সঙ্গে বাজে ব্যবহার করলে ক্ষোভ চরমে ওঠে। শুরু হয় ভাঙচুর। 
বিক্ষোভকারী পূজা নট্ট বলেন, একজন আধিকারিক খুব খারাপ ব্যবহার করেছেন। মহিলাদের চুল ধরে টেনেছেন। কয়েকজনকে ভেতরে আটকে রাখেন। কী কারণে আমাদের আবেদন বাতিল করা হয়েছে, তা স্পষ্ট করে বলা হচ্ছে না। আমরা যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণার টাকা পাচ্ছি না। অথচ অযোগ্যরা পেয়েছে। সেই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখিয়েছি।
আরেক বিক্ষোভকারী বর্ষা দত্ত সোম বলেন, কী কারণে আমাদের আবেদন বাতিল করেছে, তা আমরা নিজেরাই জানি না। পোর্টালেও দেখাচ্ছে না। কেউ টাকা পাবে, কেউ পাবে না, এটা মানা যায় না। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, অন্নপূর্ণা যোজনার কাজ আলাদাভাবে চলছে। প্রত্যেকের স্ট্যাটাস চেক করে দেওয়া হচ্ছে। যাঁরা টাকা পাননি, তাঁদের বিষয়টি প্রশাসন বিবেচনা করে দেখছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের বক্তব্য, কিছু মানুষের সমস্যা হয়েছে। সমস্যা মেটাতে প্রশাসন কাজ করছে। আশা করি, দ্রুত টাকা পেয়ে যাবেন। 
গঙ্গারামপুর পুরসভার সামনেও বিক্ষোভে শামিল হন মহিলারা। পুরসভার মূল গেট বন্ধ করে চলে বিক্ষোভ। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের দেখা না মেলায় ক্ষোভ আরও তীব্র হয়। শেষ পর্যন্ত পুরসভার সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। আধঘণ্টা অবরোধের পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
মালদহ জেলার পুরাতন মালদহ ব্লকেও এদিন মহিলারা আসেন। টাকা না পাওয়ার কারণ জানতে চান। তিন মাস পেরিয়ে গেলেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় ক্ষোভ উগরে দেন মহিলারা। ইংলিশবাজার পুরসভার সামনেও বিক্ষোভ দেখান মহিলাদের একাংশ।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ