Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা: টাকা না পাওয়ায় উত্তর ২৪ পরগনা ও হুগলিতে বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়ায় শনিবার উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বিক্ষোভ দেখালেন মহিলারা। টাকা না পাওয়ায় এদিন হাবড়া পুরসভায় ভাঙচুর চালায় মহিলারা।

অন্নপূর্ণা: টাকা না পাওয়ায় উত্তর  ২৪ পরগনা ও হুগলিতে বিক্ষোভ
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত, চুঁচুড়া ও সংবাদদাতা, বনগাঁ: অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়ায় শনিবার উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বিক্ষোভ দেখালেন মহিলারা। টাকা না পাওয়ায় এদিন হাবড়া পুরসভায় ভাঙচুর চালায় মহিলারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অন্নপূর্ণা প্রকল্পের টাকা জুন মাসে পেলেও জুলাই মাসে অনেকেই টাকা পাননি। এদিন হাবড়া শহরের বিভিন্নপ্রান্ত থেকে কয়েকশো মহিলা দুপুরে পুরসভা ভবনে হাজির হন। তাঁরা পুরসভার কর্মী ও আধিকারিকদের কাছে জুলাই মাসের টাকা না পাওয়ার কারণ জানতে চান। কিন্তু পুর কর্তৃপক্ষের দেওয়া ব্যাখায় তাঁরা খুশি হতে পারেননি। তখন বিক্ষুব্ধ মহিলারা বিক্ষোভ শুরু করেন। চলে ভাঙচুর। 

Advertisement

আন্দোলনকারী শুভশ্রী মজুমদার পাল বলেন, ‘অন্নপূর্ণা প্রকল্পে অনেকেই প্রথম মাসের টাকা পেয়েছেন। কিন্তু দ্বিতীয় মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। পুরসভা থেকে কোনো কারসাজি করেছে’। পুরসভার আধিকারিক মিঠুন মজুমদার বলেন, ‘অন্নপূর্ণা প্রকল্পে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই।’ অন্যদিকে, হুগলির ডানকুনি পুরসভাতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সরকারের চাওয়া সব নথি দিলেও আবেদন বাতিল করা হয়েছে। সেই কারণ জানতেই মহিলারা পুরসভায় এসেছিলেন। কিন্তু সদুত্তর না পাওয়াতেই বিক্ষোভ হয়েছে। সেই সঙ্গে একই ইস্যুতে বিক্ষোভের ঘটনা ঘটেছে শ্রীরামপুরেও। উত্তরপাড়া পুরসভায় বিক্ষোভ হয়। অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এলাকায় বিক্ষোভে ফেটে পড়লেন গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের ১১৭ ও ১২৯ নম্বর বুথের বাসিন্দারা। জানা গিয়েছে, এদিন এই কাজের সুপারভাইজার এক মহিলাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সুপারভাইজার বেছে বেছে তৃণমূলের নাম তালিকায় তুললেও বিজেপি সমর্থকদের নাম তোলেননি। এরপর ওই মহিলাকে তাড়া করেন বিক্ষুব্ধ আবেদনকারীরা। মহিলা পালিয়ে গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সুপারভাইজারকে উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধরা ডিম ছোড়ে। আর বেশ কয়েকজন পুলিশ কর্মীর গায়ে ডিম  লাগে।

Advertisement
সম্পর্কিত সংবাদ