Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও ৫০ লক্ষ মহিলাকে শীঘ্রই অন্নপূর্ণার টাকা: শমীক, মেলেনি ভাতা, পঞ্চায়েতকর্মী নিগ্রহে ধৃত বিজেপির দু’জন

অন্নপূর্ণা যোজনার আওতায় আরও ৫০ লক্ষ মহিলা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। রবিবার হাওড়ায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘোষণা করেন। তাঁর দাবি, ইতিমধ্যে রাজ্যের ১ কোটি ২০ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন।

আরও ৫০ লক্ষ মহিলাকে শীঘ্রই অন্নপূর্ণার টাকা: শমীক, মেলেনি ভাতা, পঞ্চায়েতকর্মী নিগ্রহে ধৃত বিজেপির দু’জন
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা: অন্নপূর্ণা যোজনার আওতায় আরও ৫০ লক্ষ মহিলা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। রবিবার হাওড়ায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘোষণা করেন। তাঁর দাবি, ইতিমধ্যে রাজ্যের ১ কোটি ২০ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি। এর মধ্যেই অন্নপূর্ণার টাকা না-পাওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পঞ্চায়েত কর্মীকে মারধরের ঘটনায় বিজেপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

হাওড়ার বেলিলিয়াস লেনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা অভিযান জেলা কর্মশালায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রাই, বিধায়ক সঞ্জয় সিং ও রুদ্রনীল ঘোষ। অন্নপূর্ণার টাকা পাওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও ‘সাবোতেজ’ করার চেষ্টা হয়েছে বলে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শমীক। তাঁর কথায়, ‘কয়েক জায়গায় বিচ্যুতি রয়েছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোতেজ করার চেষ্টা হয়েছে। কিছু কিছু জায়গায় ফর্ম ফিলআপ করতেও কেউ কেউ গাফিলতি করেছেন।’ তবে যোগ্য কোনো মহিলা বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়ে তিনি জানান, আরও ৫০ লক্ষ মহিলা খুব শীঘ্রই টাকা পাবেন। ইতিমধ্যে ১ কোটি ২০ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন বলেও দাবি করেন তিনি। প্রকল্পের সুবিধা দেওয়ার আগে উপযুক্ততা যাচাই করা হচ্ছে এবং বছরে ৩৬ হাজার টাকা কম অর্থ নয় বলেও মন্তব্য করেন শমীক।
 শমীকের এই মন্তব্যের পর ‘সাবোতেজ’ বলতে কাদের দিকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কেউ দেখছেন রাজনৈতিক অন্তর্ঘাতের ইঙ্গিত, আবার কারও মতে, প্রশাসনিক স্তরে গাফিলতি বা অন্তর্ঘাতের সম্ভাবনার কথাই বলতে চেয়েছেন তিনি। তবে কাদের বিরুদ্ধে অভিযোগ, তা স্পষ্ট করেননি শমীক।
অন্যদিকে, গোসাবার বালি-১ গ্রাম পঞ্চায়েতে শুক্রবার অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের সময় পঞ্চায়েত সচিব দিবাকর কুণ্ডুকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে শনিবার মনোরঞ্জিত রঞ্জিত ও দিলীপ মণ্ডল নামে বিজেপির দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, পঞ্চায়েত অফিসে ঢুকে প্রথমে হেনস্তা এবং পরে মারধর করা হয় সচিবকে। অভিযুক্তদের বাড়িতে নোটিস দিতে গেলে পুলিশের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তদন্তকারী অফিসারের সামনে অভিযোগকারীকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। আলিপুর আদালত ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ