


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলারা পাবেন প্রতি মাসে ৩০০০ টাকা! আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডার। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের নির্বাচনি সংকল্পপত্র অনুযায়ী, নতুন এই ভাতা থেকে কাউকেই বঞ্চিত করা হবে না। পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাপ্রাপকরা তো বটেই, পাশাপাশি নতুন উপভোক্তারাও যুক্ত হবেন এই প্রকল্পে। এমনকি, নতুন ভাতা পাওয়ার জন্য আর ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের অপেক্ষাও করতে হবে না। বুধবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথগ্রহণের পরেই সুখবর দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পেতে বাংলার মহিলারা বছরভর আবেদন করতে পারবেন অনলাইনে। অর্থাৎ, প্রতি মাসে আর্থিক সহায়তা পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এর জন্য একেবারে সহজ সরল একটি পোর্টাল বা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যাতে সমাজের সব স্তরের মহিলারা কারও সহযোগিতা ছাড়াই আবেদন জানাতে পারেন। এখানেই শেষ নয়, রাজ্যে বার্ধক্য ভাতাও দ্বিগুণ হতে পারে। প্রশাসনিক মহলের আলোচনা অনুযায়ী, আগামী দিনে বার্ধক্য ভাতা বাবদ আর এক হাজার নয়, দেওয়া হবে ২ হাজার টাকা। শীঘ্রই এমন সিদ্ধান্ত নিতে পারে বর্তমান বিজেপি সরকার। তবে এবিষয়ে সরকারিভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোয়াজ্জেন ভাতাও চালু থাকছে। এবার থেকে তা দেওয়া হবে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে।
সূত্রের খবর, অনলাইন ব্যবস্থাপনা চালু করা নিয়ে ইতিমধ্যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন অগ্নিমিত্রা। যেহেতু আগামী ১ জুন থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে, সেই কারণে যত দ্রুত সম্ভব পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থা থাকলেও, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তা কার্যকর হয়নি। তবে পরবর্তীকালে বিডিও-এসডিও এবং পুর অফিসে বছরভর আবেদন জমা নেওয়ার ব্যবস্থা চালু করা হয়। যদিও প্রশাসনের একাংশের দাবি, পূর্বতন সরকারের একেবারে শেষ বেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছিল। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার অবশ্য ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্নকে আরও মজবুত করতে উদ্যোগ নিচ্ছে। আর সেই সুবাদেই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে এই অনলাইন পরিষেবা চালু করার ভাবনা। খুব শীঘ্রই এই পোর্টালের খুঁটিনাটি জানিয়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর।
রাজ্যে নির্বাচন ঘোষণার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা সংখ্যা পৌঁছে গিয়েছিল ২ কোটি ৬১ লক্ষে। সেই উপভোক্তারা আগামী মাসের প্রথম দিন থেকেই অন্নপূর্ণার ভাণ্ডারের অধীনে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নতুন আবেদনকারীরাও যাতে দ্রুততার সঙ্গে সেই সুবিধা পান, সেকারণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেই খবর। তবে যাঁদের নাম এসআইআরে বাদ পড়েছে, তাঁরা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ট্রাইবুনালে যাঁদের নাম এখনও বিচারাধীন এবং যাঁরা সিএএ’র অধীন নাগরিকত্বের আবেদন করেছেন, তাঁদের যাবতীয় সরকারি সুবিধা প্রদান চলবে স্বাভাবিক ছন্দেই।