অঙ্কিতা ভাণ্ডারি হত্যা: দুষ্যন্তকে রাজ্যপাল পদে নিয়োগের বিরোধিতায় সরব কংগ্রেস, ইন্ডিয়া গেটে ধরনায় বাবা-মা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সিকিমের নতুন রাজ্যপাল হয়েছেন বিজেপির প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতম। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের জেরে ফের অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে উত্তরাখণ্ডে। তাঁকে রাজ্যপাল পদে নিয়োগের বিরোধিতায় সরব কংগ্রেস। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে হাতশিবির। প্রতিবাদে সরব  অঙ্কিতার মা-বাবা। বুধবার দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ধরনায় বসেন তাঁরা। অঙ্কিতার বাবার দাবি, তাঁর মেয়ের হত্যার তদন্ত শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিত রাখা হোক। কংগ্রেসের অভিযোগ, দুষ্যন্তকে রক্ষাকবচ দিতেই তাঁকে রাজ্যপালের পদে বসানো হয়েছে। দেরাদুনে একঘণ্টার নীরব অনশন কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মীরা। 

Advertisement

উত্তরাখণ্ডের প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়াল বলেন, ‘দুষ্যন্তকে রাজ্যপাল করার অর্থ নিহতের পরিবার সহ গোটা উত্তরাখণ্ডের মানুষের ভাবাবেগকে আঘাত দেওয়া।’ পাশাপাশি সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গণেশের দাবি, ‘সিবিআই তদন্ত এক ইঞ্চিও এগোয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে এখনো এফআইআর দায়ের করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।’ তোপ দেগেছেন উত্তরাখণ্ডের কংগ্রেস ইন-চার্জ কুমারী শৈলজাও। তিনি বলেন, ‘সিবিআইয়ের উচিত ছিল অঙ্কিতার হত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করা।’
২০২২ সালের সেপ্টেম্বর মাসে খুন হয়েছিলেন উত্তরাখণ্ডের ১৯ বছরের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারী। সেই ঘটনায় নাম জড়িয়েছিল প্রাক্তন বিজেপি নেতার ছেলে পুলকিত আর্যরও। চলতি বছরের জানুয়ারি মাসে একটি ভাইরাল অডিয়োর সূত্র ধরে ফের শিরোনামে উঠে আসে ওই হত্যাকাণ্ড। সেই অডিয়োতে একজন ভিআইপির নাম উঠে আসে। সেই সূত্রেই সরব বিরোধীরা।